সেরার শিরোপা পেল বিতর্কিত ট্যাবলোই! রাম মন্দিরের নকশা দিয়ে তৈরি উত্তরপ্রদেশের ট্যাবলোই সেরা, জানাল কেন্দ্র

এই ট্যাবলো নিয়ে শুরু হিয় বিস্তর বিতর্ক। কিন্তু অবশেষে সবাইকে হারিয়ে সেরার মুকুট উঠল উত্তরপ্রদেশের ট্যাবলোতেই। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেরা ট্যাবলোর খেতাব পেল উত্তরপ্রদেশের রাম মন্দিরের রেপ্লিকাযুক্ত ট্যাবলো। এই বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোট ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করে। এই সব ট্যাবলোর মধ্যে উত্তরপ্রদেশের ট্যাবলোকেই সেরা হিসেবে বেছে নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার এই কারণে উত্তপ্রদেশ সরকারকে পুরস্কার দেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

প্রজাতন্ত্র দিবসের নানান ট্যাবলোতে বিভিন্ন রাজ্য নিজের নিজের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে তুলে ধরে। নানান রাজ্যের সাফল্যের সাক্ষী থাকে গোটা দেশ তথা গোটা বিশ্ব। এই বছরের কুচকাওয়াজ অনুষ্ঠানে উত্তরপ্রদেশ সরকার অযোধ্যায় নির্মীয়মাণ রাম মন্দিরের নকশা তুলে ধরে। সংস্কৃতির নিদর্শন হিসেবে তুলে ধরা হয় ঋষি বাল্মীকির আশ্রম। কিছু অভিনেতা সশরীরে ঋষি বাল্মীকি ও তাঁর শিষ্যদের বেশে ট্যাবলোয় উপস্থিত ছিলেন। ট্যাবলোতেই রামায়ণের নানান ঘটনা তুলে ধরা হয়। ছিল অযোধ্যার দীপ উৎসবের ছবি। এই ট্যাবলোকেই সেরার খেতাব দিয়েছে কেন্দ্র।

তবে, এই ট্যাবলো নিয়েই কুচকাওয়াজের পর শুরু হয় বিতর্ক। বিরোধীদের মতে, ধর্মনিরপেক্ষ দেশের প্রজাতন্ত্র দিবসে একটি নির্দিষ্ট ধর্মের ট্যাবলো প্রদর্শন কখনোই সংস্কৃতির নিদর্শন হতে পারে না। তবে বিরোধীদের এই অভিযোগের তোয়াক্কা না করেই উত্তরপ্রদেশের এই ট্যাবলোকে সেরার স্বীকৃতি দিল কেন্দ্র। কেন্দ্রের মতে, এই ট্যাবলো দ্বারা ভারতীয় সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে, তাই সেরার শিরোপা তারাই পাবে।

উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। এর আগে বাংলার ট্যাবলোকে একাধিকবার বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। কিন্তু এই বছর তা হয়নি। এই বছরের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেয় ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। বাংলার তরফ থেকে সবুজ সাথীকে বেছে নেওয়া হয় ট্যাবলোর বিষয় হিসেবে। কিন্তু সেরা হল সেই বিতর্কিত উত্তরপ্রদেশের ট্যাবলোই।

RELATED Articles