মঙ্গলকোটে তৃণমূল বুথ সভাপতিকে পিটিয়ে খুন করা হয়েছে। এই খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এবার বিজেপিকে হুঁশিয়ারি শানালেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এক জনসভায় হুংকার দিয়ে তিনি বলেন যে, “আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। ঘর থেকে বেরোনো বন্ধ করে দেব”।
গত মঙ্গলবার দুপুরে মঙ্গলকোটে তৃণমূল বুথ সভাপতি সঞ্জিত ঘোষ খুন হন। এরপরই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। এই খুন প্রসঙ্গে বুধবার বিকেলে অনুব্রত মণ্ডল বলেন, “আজ ওখানে যাবো ভেবেছিলাম। কিন্তু সভা থাকায় যেতে পারিনি। চন্দ্রনাথ সিনহাকে পাঠিয়েছি”।
এরপরই বিজেপিকে শানিয়ে অনুব্রত বলেন, “বিজেপি কর্মীরা যদি ভাবেন যে হঠাৎ কাউকে মারব, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। ঘর থেকে বেরোনো বন্ধ করে দেব। সন্ত্রাস করলে গ্রামে থাকতেই দেব না’। বার্তা দিয়ে তিনি বলেন তিনি নোংরা রাজনীতি করেন না। তবে অন্য় কেউ যদি নোংরামি করে, তবে তিনিও করবেন।
গত মঙ্গলবার তৃণমূল নেতাক খুনে ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। এদের মধ্যে ৬ জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এরা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। তবে বিজেপির পক্ষ থেকে তাদের দিকে আসা সমস্ত অভিযোগকে অস্বীকার করা হয়েছে। তাদের দাবী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই খুন হয়েছে।






