ফের একবার হামলার মুখে পড়তে হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। হামলা চালানো হয় তাঁর বুলেটপ্রুফ গাড়িতেও। তবে এই ঘটনায় শুভেন্দুর কোনও ক্ষতি হয়নি। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
ঘটনাটি ঘটেছে বুধবার কেষ্টপুরে। জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রামে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিশাল যোগদান মেলার সভা শেষ করে কলকাতায় আসেন শুভেন্দু অধিকারী। এদিনই কেষ্টপুরের বারোয়ারিতলা এলাকায় তাঁর একটি জনসভা ছিল। সেই জনসভাতে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। কেষ্টপুরের মাঝেরপাড়ার রাস্তা ধরে যখন শুভেন্দুর গাড়ি সভাস্থলের দিকে যাচ্ছিল, তখন তাঁর গাড়ির সামনে আচমকাই চলে আসে স্থানীয় তৃণমূল কর্মীরা। কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তারা। আটকে দেওয়া হয় শুভেন্দুর কনভয়। এর জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা কালো পতাকা দিয়ে গাড়ির উপর আঘাত করতে থাকে। বুলেটপ্রুফ গাড়ি হওয়ায় শুভেন্দুর উপর কোনও আঁচ আসেনি বলে জানা গিয়েছে। এমনকি, পুলিশের গাড়ির উপরও চালানো হয় হামলা।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে জানা যায়, কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সভাস্থলের দিকে এগিয়ে যায় শুভেন্দুর গাড়ি।
এদিন সভামঞ্চ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানান শুভেন্দু। তিনি বলেন, “সিপিএম ক্ষমতায় থাকার সময়ও অনেক মিটিং-মিছিল করেছি। কিন্তু এমন কখনও হয়নি। এরকম পরিস্থিতিতে কখনও পড়তে হয়নি”। এদিন এই মঞ্চে দাঁড়িয়েই ফের একবার শাসকদলকে হুঁশিয়ারি শানান বিজেপির সদ্য নেতা। এদিন বিজেপি নেতা সব্যসাচী দত্তও এই সভামঞ্চে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “যা হল তা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে বিজেপি”।
এমনিতেই আগামী বিধানসভা নির্বাচনের জেরে বেশ উত্তপ্ত রাজ্য রাজনীতি। এর উপর বিজেপির উপর তৃণমূলের একের পর এক হামলার জেরে পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে পড়ছে।





