Waqf Bill: সংখ্যালঘুদের অধিকার না রাজনৈতিক চাল? ওয়াকফ বিল ঘিরে উত্তেজনায় ফুঁসছে দেশ!

দেশের রাজনৈতিক পরিস্থিতি ফের সরগরম। লোকসভায় আজ পেশ হতে চলেছে ‘ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪’। ইতিমধ্যেই এই বিল ঘিরে নানা বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, এটি সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থের পরিপন্থী। অন্যদিকে, সরকারের যুক্তি, এটি পুরনো আইন সংশোধন করে আরও স্বচ্ছতা আনার জন্য আনা হচ্ছে। বিতর্ক যতই থাক, দেশের একাংশের মনে তৈরি হয়েছে আশঙ্কা—এই বিল ঘিরে অশান্তির আশঙ্কা কি সত্যিই রয়েছে?

এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে প্রশাসন কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়। ফলে মঙ্গলবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প। চলছে কড়া নজরদারি, যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায়। অন্যদিকে, উত্তরপ্রদেশের ডিজিপি রাজ্যের সমস্ত পুলিশ আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। সন্দেহজনক কিছু দেখলেই যেন তৎক্ষণাত ব্যবস্থা নেওয়া হয়।

সরকারি সূত্রের খবর, বিল পেশ হওয়ার আগেই বিরোধীরা একজোট হয়ে এর বিরোধিতার প্রস্তুতি শুরু করেছে। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি এবং বাম দলগুলি ইতিমধ্যেই জানিয়েছে, তারা সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করবে। সংসদে এই নিয়ে ৮ ঘণ্টার আলোচনার সময়সীমা নির্ধারিত হয়েছে। অন্যদিকে, এনডিএ শিবিরের মধ্যেও কিছুটা মতভেদ দেখা যাচ্ছে। বিজেপির শরিক টিডিপি বিলটির পক্ষে থাকলেও, জেডিইউ ও লোকজনশক্তি পার্টির অবস্থান এখনও স্পষ্ট নয়। ফলে বিল পাশ করাতে বিজেপির কিছুটা বেগ পেতে হতে পারে।

বিলকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দিল্লি পুলিশের ডিসিপিদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনওভাবেই উত্তেজনা সৃষ্টি না হয়। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় কোনও প্রকার গুজব বা উস্কানিমূলক পোস্ট ছড়ালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Weather update : গরমের দাপটে নাজেহাল শহর, এবার কি স্বস্তি দেবে ঝড়-বৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট!

এদিকে, আজ দুপুর ১২টায় লোকসভায় বিলটি পেশ করা হবে। বিজেপি ইতিমধ্যেই দলের সমস্ত সাংসদদের উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। এখন দেখার, এই বিতর্কিত বিল সংসদে কীভাবে এগোয়, আর দেশের রাজনৈতিক মঞ্চে কী প্রভাব ফেলে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles