কোভিশিল্ড নাকি কো-ভ্যাক্সিন, বুস্টার ডোজে কোন টিকা দেওয়া হবে, জানিয়ে দিল কেন্দ্র

ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। হু হু করে বাড়ছে সংক্রমণ। এরই সঙ্গে মাথাচাড়া দিচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনও। এই পরিস্থিতিতে এবার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে।

গত ডিসেম্বরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ১০ই জানুয়ারি থেকেই করোনার প্রথম সারির যোদ্ধা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ষাটের বেশি বয়স্কদের দেওয়া হবে বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ। এ নিয়ে বেশ ধন্ধ দেখা যায় যে বুস্টার ডোজে কোন টিকা আদতে দেওয়া হবে, এই নিয়ে। এবার সেই ধন্ধ দূর করল কেন্দ্র সরকারই।

আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য ভি কে পাল বলেন, “আগে যে টিকা দেওয়া হয়েছে, সেই টিকারই প্রিকশন ডোজ প্রদান করা হবে। যাঁরা কোভ্যাক্সিন পেয়েছিলেন, তাঁরা কোভ্যাক্সিন পাবেন। যাঁরা প্রথম দু’বার কোভিশিল্ড পেয়েছেন, তাঁরা এবারও কোভিশিল্ড পাবেন”।

করোনার টিকা নেওয়ার ৩৯ সপ্তাহ অর্থাৎ ৯ মাস পর প্রথমসারির করোনা যোদ্ধারা, স্বাস্থ্যকর্মীরা ও কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ দেওয়া হবে বলে জানানো হয়েছে। যাদের টিকা নেওয়ার ৩৯ সপ্তাহ আগে সম্পূর্ণ হবে, তারা আগে বুস্টার ডোজ পাবেন।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিজেদের কো-উইন অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব নাগরিকরা নিজেদের ‘প্রিকশন ডোজ’ বা সতর্কমূলক ডোজ নেওয়ার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে যারা বুস্টার ডোজ বা সতর্কমূলক ডোজ পাওয়ার যোগ্য, তাদের ডোজ নেওয়ার সময় এলে কো-উইন সিস্টেমের তরফে মেসেজ পাঠানো হবে। এরপর তারা বুস্টার ডোজ নিতে পারেন।

RELATED Articles