কেন গ্রেফতার হলেন সাংবাদিক অর্ণব গোস্বামী? জেনে নিন আসল কারণ

আজ সকালেই রিপাবলিক টিভির সম্পাদক এবং প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামী কে মুম্বাই পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। সকাল থেকেই সেই নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। কিন্তু ঠিক কোন কারণে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে অর্ণবকে? জেনে নিন বিস্তারিত তথ্য।

ইন্টেরিয়ার ডিজাইনার অন্বয় নায়েকের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। ঘটনাটি দু’বছর আগের। বছর দুয়েক ধরে স্বামীর মৃত্যুর সুবিচারের জন্য লড়াই চালিয়ে ছিলেন স্ত্রী অক্ষতা এবং মেয়ে আদনিয়া। মাঝে মামলা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আবার নতুন করে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তার পরিপ্রেক্ষিতেই টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে অর্ণব গোস্বামী কে।

বুধবার দুপুরে সাংবাদিকদের অক্ষতা বলেন, “আমি ২০১৮ সালটা কোনদিনও ভুলব না। সুইসাইড নোটে আমার স্বামী তিনজনের নাম লিখে গিয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্ণব গোস্বামী আমার স্বামীর মৃত্যুর পিছনে রয়েছে এবং আমি প্রত্যেক ভারতীয়কে অনুরোধ জানাচ্ছি যে অর্ণবের জন্য যেন কেউ সমর্থন না করেন। মহারাষ্ট্র পুলিশ আমাদের সুবিচার করেছে।”

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে ইন্টেরিয়ার ডিজাইনার অন্বয় নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলায় আজ সকালে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। লোয়ার পারেলে অর্ণবের বাড়িতে আজ যায় পুলিশের একটি দল। পুলিশের আইজি (কোঙ্কন রেঞ্জ) সঞ্জয় মোহিতে অর্ণবের গ্রেফতারির কথা সুনিশ্চিত করেছেন তবে তার বেশি তথ্য তিনি দিতে চাননি।

কী হয়েছিল ২০১৮ সালে?

২০১৮ সালের মে’তে আত্মহত্যা করেছিলেন ৫৩ বছরের ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েক। আলিবাগে কবীর গ্রামের বাড়ি থেকে তাদের দেহ উদ্ধার করা হয়েছিল। এরপর সেই ঘটনায় তার স্ত্রী অক্ষতা অভিযোগ দায়ের করেছিলেন। এরপর পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছিল যেখানে অভিযোগ করা হয়েছিল অর্ণব গোস্বামী, ফিরোজ শেখ এবং নীতেশ সারদার থেকে ৫.৪ কোটি টাকা পেতেন অন্বয়। কিন্তু তা তাকে দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে তিনি আত্মহত্যার মতো চরম পথ বেছে নিচ্ছেন। সেই ঘটনায় অর্ণব এর বিরুদ্ধে মামলা দায়ের হলে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সেই মামলা বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু অন্বয়ের স্ত্রী অক্ষতা এবং মেয়ে আদনিয়া গোটা ঘটনাটি মেনে নিতে পারেননি। তারা আলিবাগ পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ আনেন এবং গোটা ঘটনাটি নিয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের দ্বারস্থ হন। এই বছর মে মাসে অনিল দেশমুখ জানান যে এই ঘটনায় নতুন করে তদন্ত শুরু হবে এবং তারপরেই আজ এই কড়া পদক্ষেপ নিল মুম্বাই পুলিশ।

যদিও রিপাবলিক টিভির পক্ষ থেকে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মহারাষ্ট্র সরকার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এই কাজটি করেছে।

RELATED Articles