পুলিশ আধিকারিকদের ঘুষ নেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে অনেক ক্ষেত্রেই ঘুষ নিয়েও পার পেয়ে যান অনেক পুলিশ আধিকারিকই। তবে এবার উত্তরপ্রদেশে ঘুষ নেওয়ার অপরাধে উচিত শাস্তি দেওয়া হল এক পুলিশ আধিকারিককে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ঘুষ নিয়ে একটি ধ’র্ষ’ণের মামলা গোপনের জন্য ডিএসপি পদ থেকে সোজা কনস্টেবল পদে নামানো হল ওই পুলিশ আধিকারিককে। যোগীরাজ্যে দেখা মিলল এমন নজিরবিহীন শাস্তির।
সূত্রের খবর, ২০২১ সালে একটি গণধ’র্ষ’ণ মামলার তদন্তভার যায় ডিএসপি বিদ্যা কিশোর শর্মার উপর। এক মহিলা আনেন এই অভিযোগ। একটি হাসপাতালের ম্যানেজার বিনোদ যাদব ও পুলিশের সাব-ইনস্পেক্টর রামবীর যাদবের বিরুদ্ধে এই অভিযোগ করেন ওই মহিলা। কিন্তু সবটা জানার পরও কোনও পদক্ষেপই করে নি পুলিশ।
এরপরই সামনে আসে এক ভিডিও। সেই ভিডিওতে অভিযুক্ত ডিএসপি বিদ্যা কিশোর শর্মাকে টাকা নিতে দেখা যায়। জানা গিয়েছে, রামপুর জেলায় থাকাকালীন ৫ লক্ষ নিয়েছেন ওই পুলিশ আধিকারিক। এরপর জানা যায় যে ধ’র্ষ’ণের মামলা চাপা দেওয়ার জন্য ঘুষ নিয়েছেন বিদ্যা কিশোর শর্মা। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয় এই ভিডিও।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ প্রশাসন। বিদ্যার বিরুদ্ধে শুরু হয় তদন্ত। গণধ’র্ষ’ণে অভিযুক্ত দু’জনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। তদন্ত চলাকালীন সাসপেন্ড করা হয় অভিযুক্ত পুলিশ আধিকারিককে।
এরপর চলতি মাসের পয়লা তারিখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ওই পুলিশ আধিকারিককে ডিএসপি পদ থেকে কনস্টেবল পদে অবনমন করানো হয়। আগামী দশ বছর ওই পদেই থাকবেন তিনি, এমনটাই জানা গিয়েছে।





