এবার মদের হোম ডেলিভারি করার প্রক্রিয়া শুরু জোম্যাটোর

এবার খাবার না, আপনার ঘরে মদও পৌঁছে দেবে জোম্যাটো। লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা। সেই সুযোগকে কাজে লাগিয়েই বাড়ি বাড়ি মুদিখানার সামগ্রী, জরুরি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে জোম্যাটো, সুইগি। এবার সুরা ঘরের দরজায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে জোম্যাটো। যদিও পশ্চিমবঙ্গের আবগারি দফতর থেকে রেজিস্ট্রেশন করে মদ ঘরে পৌঁছে যাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু জোম্যাটো এই উদ্যোগ নেওয়ায় রাজ্যে মদের বিক্রি আরও বাড়তে পারে বলেই ধারণা।

এখনও এ দেশে অনলাইনে মদ অর্ডার ও ডেলিভারি হয় না। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জোম্যাটো ও অন্যান্য ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে এই ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে।

লকডাউনের তৃতীয় দফার শুরুতেই নন কনটেনমেন্ট জোনে মদের দোকান খোলার অনুমতি দেয় কেন্দ্র। তারপরই বিভিন্ন রাজ্যে সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে মদের দোকানের সামনে জমতে থাকে ভিড়। ভিড় ঠেকাতে কোথাও কোথাও পুলিশকে ব্যবস্থা নিতে হয়। দিল্লি সরকার মদের এমআরপির উপর বাড়তি ৭০ শতাংশ করোনা ভাইরাস ফি চাপায়। তাতেও সুরাপ্রেমীদের উৎসাহে ভাটা পড়েনি। তাই এই পরিস্থিতিতে জোম্যাটোর মতো সংস্থার হোম ডেলিভারি করার প্রস্তাব অনুমোদিত হলে মদের দোকানে ভিড় কমতে পারে। এখন দেখার কথা, পরিস্থিতি কী দাঁড়ায়। এই প্রস্তাব অনুমোদন পেলে হয়তো অদূর ভবিষ্যতে জোম্যাটো থেকে খাবারের সঙ্গে লাল পানীয়ও অর্ডার করতে পারবেন।

RELATED Articles

Leave a Comment