আপাতত পরবর্তী ৪ সপ্তাহের জন্য কলকাতা পুরসভার প্রশাসক পুরমন্ত্রীই, রায় হাইকোর্ট-এর

গতকাল অর্থাৎ বুধবার কলকাতা পুরসভায় প্রশাসক শাসন জারির আনুষ্ঠানিক ঘোষণা হয়। সেখানে প্রশাসকের আসনে বসেছেন স্বয়ং ফিরহাদ হাকিম। এছাড়া ১৪ জন সদস্যের একটি বোর্ডও গঠন করা হয়। সেখানেও পুরবোর্ডের সদস্যরাই প্রশাসক বোর্ডেও রয়েছেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই মামলার শুনানিতে আপাতত কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার। আদালতের তরফে জানানো হয়েছে, আগামী ৪ সপ্তাহ কাজ করতে পারবে এই প্রশাসনিক কমিটি।

শুক্রবার শেষ হচ্ছে কলকাতা পুরবোর্ডের মেয়াদ। তার পর সেখানে প্রশাসক নিয়োগ ব্যতীত কোনো উপায় ছিল না সরকারের কাছে। তাই এই পরিস্থিতিতে কোনও আমলার বদলে বর্তমান মেয়রকেই প্রশাসক কমিটির প্রধান পদে বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন সরোজ কুমার সিং। বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করা হয়। এরপর দ্রুত শুনানির জন্য সন্ধ্যায় বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে ভিডিয়ো কনফারেন্সিংয়ে এই মামলার শুনানি করেন।

শুনানিতে মামলাকারীর আইনজীবী দাবি করেছেন, মেয়রকেই আবার প্রশাসক পদে বসানো বেআইনি। পৃথক প্রশাসনিক কমিটি তৈরির যথার্থ কারণই নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, বর্তমান পুরবোর্ডের সদস্যদের নিয়েই প্রশাসক বোর্ড তৈরি করাও কোনো মানে থাকে না। এর মাধ্যমে সরকার নিজেদের নিয়ন্ত্রণ রাখতে চাইছে পুরসভায়। মামলায় সরকারি আইনজীবী হাজির ছিলেন না।

মামলাকারীর আইনজীবীর সওয়াল শুনে এবং বর্তমান সংকটময় পরিস্হিতি বিবেচনা করে বিচারপতি তাঁর রায় দেন। সমস্ত দিক বিবেচনা করে আপাতত ৪ সপ্তাহের জন্য প্রশাসনিক কমিটিকে কাজ করার অনুমতি দেওয়া হল। ৪ সপ্তাহ পর পুনরায় পারিপার্শ্বিক পরিস্হিতি বিচার করে প্রাসঙ্গিকতা থাকলে এই মামলার ফের শুনানি হবে। আদালতের এই নির্দেশের ফলে শুক্রবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসকের পদে বসতে চলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

RELATED Articles

Leave a Comment