পতঞ্জলির ওষুধ খেলেই পাঁচ দিনের মধ্যে করোনা মুক্তি, দাবি করলেন সিইও বালাকৃষ্ণ

খেয়ে নিন পতঞ্জলির ওষুধ। তাহলেই হবে করোনা মুক্তি। এমনই দাবি করলেন পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও আচার্য বালাকৃষ্ণ। তিনি দাবি করেছেন, তাঁদের সংস্থা একটি ওষুধ তৈরি করেছে। যা পাঁচ থেকে ১৪ দিনের মধ্যে করোনা রোগীকে সুস্থ করে তোলে।

এই বিষয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে সাক্ষাৎকারে তিনি বলেছেন, “করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর আমরা বিজ্ঞানীদের একটি দল গঠন করি। প্রথম সিমুলেশন করা হয় এবং সেই যৌগগুলি চিহ্নিত করা হয়, যেগুলি করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবে এবং দেহে ভাইরাসের সংক্রমণ রুখতে পারবে। তারপর কয়েকশো করোনা আক্রান্ত রোগীর উপর ক্লিনিক্যাল কেস স্টাডি করি এবং আমরা তাতে ১০০ শতাংশ অনুকূল ফল পেয়েছি।” তাঁর এই দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে নেটদুনিয়ায়।

তবে এখনই কি বাজারে আসছে পতঞ্জলির ওষুধ? কী জানালেন পতঞ্জলির সহ-প্রতিষ্ঠাতা?

তিনি বললেন, এখন নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এবং এক সপ্তাহের কম সময়ে প্রমাণ প্রকাশ করা হবে। এখনই বাজারে আসবে না ওষুধ তবে এই ওষুধ নেওয়ার পর করোনা রোগীরা পাঁচ থেকে ১৪ দিনের মধ্যে সেরে উঠেছেন এবং করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

কিন্তু কোথায় ও কীভাবে এই ক্লিনিক্যাল ট্রায়াল চলছে তা সম্বন্ধে কোনো তথ্য দিতে চাননি বালাকৃষ্ণ। অন্যদিকে, গত এপ্রিলের শেষের দিকে করোনা যোদ্ধাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ওষুধের জন্য ২.৪৮ কোটি টাকা বরাদ্দ করেছিল উত্তরাখণ্ড সরকার।

এছাড়াও কিছুদিন আগে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ দেশবাসীকে খেতে আহ্বান জানিয়েছিল কারণ এতে নাকি করোনার হাত থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসকরাই তখন প্রতিবাদ জানিয়েছিলেন যে এখনো এই বিষয়ে বিশদে গবেষণা করা হয়নি।

এরইমধ্যে পতঞ্জলির এই আবিষ্কার কতটা যুক্তিযুক্ত তাই নিয়েই চিকিৎসক মহলে প্রশ্ন উঠেছে। সত্যিই কি আয়ুর্বেদ করোনা দূর করতে সক্ষম এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মনে। বিশ্বের প্রতিটি মানুষই চাইছেন যে করেই হোক করোনা পৃথিবী থেকে নির্মূল হোক। সেখানে পতঞ্জলির দাবি যদি সত্যি হয় তাহলে তা এক যুগান্তকারী আবিষ্কার বলেই গণ্য হবে বিশ্বের চিকিৎসার ইতিহাসে।

RELATED Articles

Leave a Comment