গড়িয়া শ্মশানে পাওয়া মৃতদেহগুলি করোনায় আক্রান্ত মৃতদের এই বক্তব্যে অনড় বিজেপি। প্রশাসনের পদস্থ কর্তাদের লিখিত বিবৃতি সত্বেও নিজেদের অবস্থান থেকে একচুলও সড়েনি রাজ্যের প্রধান বিরোধী পক্ষ। এই ঘটনায় এই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও করেন বিজেপি নেতা রাহুল সিনহা।
শনিবার বারাসতে দলের জেলা সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে রাহুলবাবু বলেন, ‘গড়িয়ার শ্মশানে মৃতদেহ কাণ্ডে সরব রাহুল। তিনি সরাসরি বলেন, ১৩টি মৃতদেহই করোনা রোগীর। না-হলে এত ছুৎমার্গ থাকে না।‘
তিনি আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। তাই সুপ্রিম কোর্ট রাজ্যকে চূড়ান্ত ভর্ৎসনা করেছে। শুধু তা-ই নয়, করোনা মোকাবিলায় রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট তা হলফনামা দিয়ে জানাতে বলেছে।’
আমফানের ত্রাণ নিয়ে তৃণমূল দুর্নীতি করছে বলে দাবিও করেন রাহুল। তাঁর কথায় ‘আমফান ঝড়ে দুর্গতদের ত্রাণ দুর্নীতির মাথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁর দপ্তরের সচিবকে বলির পাঁঠা করা হচ্ছে।’ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি আসন্ন জানিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রাহুল এদিন বলেছেন, ‘আপনি যদি না চালাতে পারেন, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ করুন। আর আপনারা সন্ন্যাস গ্রহণ করে চলে যান।‘






