করোনা রোধে আর হাইড্রক্সিক্লোরোকুইন নয়, প্রয়োগ হবে রেমডেসিভির, নয়া নিদান স্বাস্থ্যমন্ত্রকের

করোনা হলেই আর রোগীদের দেওয়া যাবে না হাইড্রক্সিক্লোরোকুইন, রোগীর অবস্থা গুরুতর হলে তখন রেমডেসিভির-এর মতো অ্যান্টি-ভাইরাল ব্যবহার করাই হবে যুক্তিযোগ্য। সম্প্রতি কোভিড-১৯ চিকিৎসার জন্য ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানেই স্বাস্থ্যমন্ত্রক সুপারিশ করেছে, করোনা-রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে তবেই হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যেতে পারে।

পাশাপাশি সংক্রমণ যখন অ্যাডভান্সড স্টেজে থাকবে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ টোকিলিজুমাব দেওয়া যাবে এবং প্লাজমা থেরাপিও করা যাবে যদি না স্টেরয়েড প্রয়োগে রোগীর অবস্থার উন্নতি হয়। এছাড়াও বলা হয়েছে যে সকল রোগীকে আইসিইউ-তে রাখা প্রয়োজন, তাঁদের উপর হাইড্রক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন ওষুধ প্রয়োগ এড়িয়ে চলাই ভাল।

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কিছু সীমাবদ্ধতা থাকলেও, সার্স-সিওভি-২ ভাইরাসের বিরুদ্ধে বহুক্ষেত্রে ভাল কাজ দিয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন।

অন্যদিকে, রেমডেসিভির সম্পর্কে বলা হয়েছে, অক্সিজেন সাপোর্ট লাগছে, এমন রোগীদের ক্ষেত্রে এই অ্যান্টি-ভাইরাল প্রয়োগ করা যেতে পারে। তবে রেনাল ইম্পেয়ারমেন্ট, উচ্চ লিভার ইনজাইম, অন্তঃসত্ত্বা বা সদ্য মা হওয়া মহিলা এবং শিশুদের ওপর এই ওষুধ প্রয়োগ করা একেবারেই বাঞ্ছনীয় নয়।

এই রেমডেসিভির কীভাবে কতটা প্রয়োগ করতে হবে তাও জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের সুপারিশ, প্রথমদিন ২০০ মিলি ও পরের পাঁচদিন ১০০ মিলি করে ওষুধ ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর শরীরে প্রয়োগ করতে হবে।

RELATED Articles

Leave a Comment