কলকাতা শহর যেন ধীরে ধীরে নিরাপত্তাহীন হয়ে উঠছে। যারা মানুষকে নিরাপত্তা দেন, এবার তাদের উপরেই চলল হামলা। কলকাতা শহরে খোদ পুলিশকেই বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এমন ঘটনায় বেশ চাঞ্চল্য শহরে।
ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতিকাল, শনিবার এই রিজেন্ট পার্ক এলাকার এক পেইং গেস্টের সঙ্গে বেশ ঝামেলা বাঁধে গলফগ্রিন এলাকার লোকজনদের। তুমুল বিবাদ বাঁধে দুই গোষ্ঠীর মধ্যে। এর জেরে দুই গোষ্ঠীরই দু’জন আহত হয় বলে খবর।
এমন ঝামেলার খবর শুনে ঘটনাস্থলে যান ট্র্যাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি। সেখানে কী নিয়ে ঝামেলা প্রশ্ন করতেই পুলিশের দিকে ধেয়ে আসে হামলা। কেন পুলিশ গিয়েছে সেখানে, এই প্রশ্ন তুলে পুলিশের উপর চড়াও হয় তারা। বেধড়ক মারধর করা হয় পুলিশ আধিকারিককে। আহত অবস্থায় পুলিশ আধিকারিককে এসএসকেএম নিয়ে যাওয়া হয়।
রাতে রাতে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করা হয় ওই পুলিশ আধিকারিকের। এই ঘটনায় পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়। পুলিশের কাজে বাধা ও পুলিশকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
বলে রাখি, পুলিশকে মারধরের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও শহরে এমন ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি মাসেই শব্দতাণ্ডব থামাতে গেলে হামলার মুখে পড়তে হয়েছিল পুলিশকে। এন্টালির এক বিল্ডিংয়ে ডিজে বাজিয়ে চলছিল পার্টি। নিয়ম অনুযায়ী, রাত ১০টার পর লোকালয়ে এমন তারস্বরে বক্স বাজানো নিষেধ। কিন্তু সেই নিষেধকে মানা হয়নি। এই নিয়ে আশেপাশের লোকজন পুলিশে অভিযোগ করলে পুলিশ গিয়ে তাদের থামাতে যায়। থামাতে গেলে তখন পুলিশকেই মারধর করা হয়েছিল।





