‘আর কবে’! হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কোনও পদক্ষেপ নেই, মিলছে না নিয়োগপত্র, উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তুলকালাম সল্টলেকে

ফের একবার উত্তপ্ত সল্টলেক চত্বর। গত সপ্তাহে স্বাস্থ্য ভবনের সামনে চলছিল জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ অবস্থান। আর এবার সল্টলেকের করুণাময়ী উত্তপ্ত হল উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে। আজ, সোমবার ২০১৬ সালের উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন।

 হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীদের। সেই কারণে সপ্তাহের শুরুর দিন সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিপ্রার্থীরা। তবে এদিন তাদের স্কুল সার্ভিস কমিশনের আগেই আটকে দেয় পুলিশ। আর এর জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পুলিশের দাবী, চাকরিপ্রার্থীদের এই অভিযানের কোনও অনুমতি ছিল না। সেই কারণে আটকানো হয় তাদের। আর এর ফলে পুলিশের সঙ্গে বচসা আর তারপর হাতাহাতি লেগে যায় চাকরিপ্রার্থীদের। এরপর রাস্তায় বসেই বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামাল দিতে চাকরিপ্রার্থীদের টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়।

সপ্তাহের প্রথম দিনের কর্মব্যস্ততার মধ্যে চাকরিপ্রার্থীদের এমন বিক্ষোভের জেরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় সল্টলেকে। এই বিক্ষোভের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ চাকরিপ্রার্থীদের সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ ’৮৫ হাজারে কী হয়, ১০ লক্ষ করে টাকা দিন…’, পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার মামলায় রাজ্যকে খোঁচা হাইকোর্টের

বলে রাখি, গত ২৮ আগস্ট কলকাতা হাইকোর্ট ২০১৪ সালের উচ্চ প্রাথমিকের শূন্যপদে নিয়োগ নিয়ে রায় দিয়েছিল। প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কাটে। সেই সময় হাইকোর্টের তরফে বলা হয়েছিল যে চার সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। আর তার পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু এর কোনও কিছুই পদক্ষেপ করে নি স্কুল সার্ভিস কমিশন। সেই কারণেই এই বিক্ষোভ উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের।

আরও অন্যান্য খবর