ক্রমশ উত্তপ্ত হচ্ছে বিগ বসের ঘরের পরিবেশ। প্রতিদিনই বদলাচ্ছে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ। সকালে যাঁদের মধ্যে বন্ধুত্ব দেখা যাচ্ছে, বিকেলেই তাঁদের মধ্যে শুরু হচ্ছে মনোমালিন্য। এবার এমনই এক ঘটনায় বিতর্কে জড়ালেন রাজবীর ও জিতু কমল। ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করেই দুজনের মধ্যে শুরু হয় তর্ক। ঘটনার শুরুতে অবশ্য রাজবীরের পক্ষেই কথা বলতে দেখা যায় জিতু কমলকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই কথাই দুজনের মধ্যে বড়সড় বচসার কারণ হয়ে দাঁড়ায়।
ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন নন্দিনীর সঙ্গে রাজবীরের আচরণ নিয়ে কথা বলছিলেন জিতু কমল। সেই সময় রাজবীরের পাশে দাঁড়িয়ে নন্দিনীর আচরণের সমালোচনা করেন তিনি। জিতু বলেন, এভাবে মাথায় হাত দিয়ে কোনও ছেলেকে নিজের দিকে টেনে নেওয়ার মতো আচরণ তাঁদের পক্ষে সম্ভব নয়। তাঁর এই মন্তব্যের পরেই পাল্টা জবাব দেন নন্দিনী। জিতুকে উদ্দেশ করে তিনি বলেন, আগে কি জপ করে আসতে হয়, তারপর কূটকচালি করতে হয়? এরপর নন্দিনীর রাগ গিয়ে পড়ে রাজবীরের উপরেও। রাজবীরকে তিনি এমন একজনের সঙ্গে খেলছেন বলে মন্তব্য করেন, যিনি আসলে ভীতু।
নন্দিনী সেখান থেকে চলে যাওয়ার পরেই জিতু কমলের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজবীর। তাঁর সঙ্গে কথা বলার সময় রাজবীর স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে যেন কেউ ইচ্ছা করে উত্তেজিত না করেন। নিজে কী বলবেন, সেটা অন্য কাউকে ঠিক করে দিতে হবে না বলেও জিতুকে বুঝিয়ে দেন তিনি। এরপর জিতুও চুপ থাকেননি এবং পাল্টা জবাব দিতে শুরু করেন। কথা কাটাকাটি ক্রমেই বাড়তে থাকে এবং দুজনকেই একে অপরকে তুই তুকারি করতে শোনা যায়। জিতু তখন রাজবীরকে একা থাকতে না পারার অভিযোগ করেন। এমনকী, কোনও মেয়েকে পাশে ডেকে নেওয়ার প্রয়োজন হচ্ছে বলেও রাজবীরকে কটাক্ষ করেন তিনি।
জিতুর সেই মন্তব্যের পর আরও চড়া হয় দুজনের বচসা। রাজবীর অভিযোগ করেন, জিতু তাঁর সঙ্গে শারীরিকভাবে উত্তেজিত হওয়ার মতো আচরণ করছেন। তাঁকে সেখান থেকে সরে যেতে বলেও পাল্টা আক্রমণ করেন রাজবীর। অন্যদিকে জিতুও থেমে থাকেননি, তাঁকে খোকা বলে ওই জায়গা থেকে গিয়ে হাওয়া খাওয়ার পরামর্শ দেন। এভাবে একের পর এক মন্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তখন রাজবীর সাফ জানিয়ে দেন, বিগ বসের বাড়ি কারও একার নয়, এটি সবার। তবে সেখানেই থামেননি তিনি, জিতু কমলের কেরিয়ার নিয়েও সরাসরি মন্তব্য করেন।
আরও পড়ুনঃ ধারাবাহিক করতে গিয়েই প্রেম তারপর বিয়ে! কিন্তু স্বামীর কারণে থমকেছে নায়িকার কেরিয়ার? একসঙ্গে থাকতে নারাজ টলিপাড়ার জনপ্রিয় জুটি! অনুমান করতে পারেন কারা সেই দম্পতি?
রাজবীর জিতু কমলকে উদ্দেশ করে বলেন, তাঁর কেরিয়ার নাকি শেষের দিকে চলে যাচ্ছে, আর রাজবীরের কেরিয়ার সবে শুরু হচ্ছে। এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ক্যাপ্টেন্সি টাস্কের একটি বিষয় থেকে শুরু হওয়া তর্ক শেষ পর্যন্ত ব্যক্তিগত কটাক্ষে পৌঁছে যায়। রাজবীরের মন্তব্যকে ঘিরে বিগ বসের ঘরে নতুন করে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে জিতু কমলের সঙ্গে তাঁর সম্পর্ক আগামী দিনে কোন দিকে যায়, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। এখন দেখার, এই ঘটনার পর দুজনের মধ্যে দূরত্ব আরও বাড়ে, নাকি কোনওভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়। আপাতত বিগ বসের ঘরে রাজবীর ও জিতু কমলের এই বচসাই আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।






