হাঁসখালি ধ’র্ষ’ণকাণ্ডে মমতার মন্তব্যে ‘বাকরুদ্ধ’ সৃজিত, মুখ্যমন্ত্রীর মন্তব্য ‘অসংবেদনশীল’, দাবী পরিচালকের, ঘটনার সঠিক তদন্তের দাবী তৃণা-রণিতার

হাঁসখালির ধর্ষণকাণ্ড নিয়ে এখন গোটা রাজ্য তোলপাড়। শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। এরই মধ্যে এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য এই ঘটনার বিতর্কের আগুনে যেন ঘি ঢেলেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন মন্তব্য শুনে হতবাক সকলে। নানান মহল থেকেই তাঁর এই মন্তব্যের নিন্দা করা হয়েছে।

নদীয়ার হাঁসখালিতে এক ১৪ বছরের কিশোরীকে ধ’র্ষ’ণ করা হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় তাঁর। এরপর অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে নির্যাতিতার পরিবারের উপর চাপ দিয়ে জোর করে দেহ দাহ করে দেয় বলে দাবী ওঠে। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা ‘অসংবেদনশীল’ ও ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

ওই কিশোরীর মৃত্যু নিয়ে গত সোমবার বিশ্ববাংলা প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনাটা খারাপ। ছেলেটা অ্যারেস্ট হয়ে গেছে। তবে মেয়েটার সঙ্গে ছেলেটার লাভ অ্যাফেয়ার ছিল বলে আমি শুনেছি। বাড়ির লোকেরাও সেটা জানত। সত্যিই ধর্ষণ হয়েছে, না প্রেগনেন্ট ছিল। না অন্য কোনও কারণ হয়েছে। না কি কেউ ধরে ২টো চড় মেরেছে। শরীরটা খারাপ হয়েছে কীভাবে জানব”।

এই বিষয় নিয়ে সৃজিত মুখোপাধ্যায় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “হাঁসখালির ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী যে ধরনের আপত্তিকর এবং অসংবেদনশীল মন্তব্য করেছেন, তা অভাবনীয়। আমি হতবাক এবং বাকরুদ্ধ”।

তৃণমূলের অন্দরেও এই ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন অনেকেই। এক সংবাদমাধ্যমের তরফে তৃণমূলের দুই নেত্রী তথা অভিনেত্রী তৃণা সাহা ও রণিতা দাসকে এই নিয়ে প্রশ্ন করা হলে নিজেদের প্রতিক্রিয়া জানান তারা। তারা দু’জনেই চান যে এই ঘটনার যেন সঠিক তদন্ত হয়।

তৃণার কথায়, “তৃণমূল সমর্থক হিসেবে নয়, একজন নারী হিসেবে এই ঘটনার তদন্ত দাবী করছি। শাস্তি হওয়া দরকার দোষীদের। আমরা তো জানি না, ঘটনাস্থলে ঠিক কী কী ঘটেছিল। সেটা জানার জন্য যত দ্রুত সম্ভব আইনি পথে যেতে হবে”। মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রেক্ষিতে তাঁর উত্তর, “উনি যা বলেছেন তা নিয়েই যদি হইচই হয়, তা হলে তো তদন্তে দেরি হবে। সুবিচার পেতে দেরি হবে মেয়েটার”।

এদিকে অভিনেত্রী রণিতা দাস এই বিষয়ে বলেন, “কে কি মন্তব্য করছে, কেন করছে সেটা আমার পক্ষে বলা মুশকিল। হতেই পারে দিদি আমাদের থেকে বেশি জানেন। তবে আমার বিশ্বাস একজন মহিলা হিসেবে দিদিও চান দোষীদের শাস্তি হোক”।

RELATED Articles