আজ যখন নন্দীগ্রামে নিজের শক্তি জাহির করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই দক্ষিণ কলকাতার মমতার খাস গড়ে নিজের ক্ষমতা বোঝাবেন শুভেন্দু অধিকারী। আজ ১৮ই জানুয়ারি বিপরীত গড়ে নিজেদের শক্তি বুঝে নেবে এই দুই যুযুধান দল।
প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত সৈনিক শুভেন্দু’র দলবদলের পর এই প্রথম নন্দীগ্রামে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পূর্ব মেদিনীপুরের তৃণমূলী রাজনীতি থেকে এখন অনেকটাই দূরে সরে গেছে অধিকারী পরিবার। শুভেন্দু পরবর্তী মেদিনীপুরে তৃণমূলের আধিপত্য ঠিক কতটা বহাল রয়েছে তা বুঝে নিতেই আজ নন্দীগ্রাম থেকে শক্তি প্রদর্শন করার পালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গত আজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ জানানো হয়নি শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী ও দাদা দিব্যেন্দু অধিকারীকে। সদ্য রাজ্য সরকারের কোপে পড়ে দু-দুটি পদ খোয়ানো কাঁথির সাংসদ শিশির অধিকারী জানিয়ে দিয়েছেন যে, তিনি নন্দীগ্রামের সভায় উপস্থিত থাকবেন না। অধিকারী পরিবারহীন মেদিনীপুরে তৃণমূলের দাপট কতটুকু তা প্রমাণ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার মধ্যে দিয়েই। আর তাই এই সভার দিকেই তাকিয়ে বসে আছে রাজ্যের তামাম রাজনৈতিক ব্যক্তিত্বরা।
আজ দুপুরে নন্দীগ্রামের তেখালির মাঠে সভায় শুভেন্দু এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাবেন মুখ্যমন্ত্রী। ২০১১ সালে এই নন্দীগ্রামের আন্দোলনের মাধ্যমেই বাংলায় ক্ষমতায় উঠে এসেছিল তখন শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন।
তাৎপর্যপূর্ণ ভাবে, অন্যদিকে আজই কলকাতায় প্রথম রাজনৈতিক কর্মসূচী করবেন শুভেন্দু অধিকারী।





