নতুন ছাত্রী মানেই কুরুচিকর প্রস্তাব! শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসছে ক্যাম্পাস

বর্তমানে রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে নানা ধরনের অস্বাভাবিক ঘটনা সামনে আসছে। কখনও শিক্ষক-ছাত্রী সম্পর্কে ভেঙে পড়ছে আস্থা, কখনও আবার শিক্ষকের কুকর্মে লজ্জিত হচ্ছে পুরো শিক্ষা প্রতিষ্ঠান। একের পর এক বিতর্কিত ঘটনা শিক্ষা ব্যবস্থার পবিত্রতা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এরই মাঝে দক্ষিণ দিনাজপুরের একটি সরকারি আইটিআই কলেজে ঘটল আরও একটি নিন্দনীয় ঘটনা, যা আবারও শিক্ষাঙ্গনে নৈতিকতার অভাব তুলে ধরল।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী আইটিআই কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের এক শিক্ষক জালালউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে তাদের কুরুচিকর মেসেজ পাঠাচ্ছিলেন। অভিযোগ, বিশেষত নতুন ছাত্রীদের ফোন নম্বর সংগ্রহ করে তিনি তাঁদের কাছে কুপ্রস্তাব দেন এবং আপত্তিজনক মেসেজ পাঠান। কখনও কখনও তাঁদের ছবি পাঠানোর আব্দারও করতেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে শুক্রবার কলেজে বিক্ষোভে সামিল হন।

বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এদিন কলেজের স্টাফ রুমে প্রবেশ করে শিক্ষকের বিরুদ্ধে সরব হন। তারা সরাসরি প্রিন্সিপালের কাছে দ্রুত পদক্ষেপ করার দাবি জানায়। তাদের বক্তব্য, এই ঘটনা আগে লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি প্রিন্সিপালের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা। তাদের দাবি, অভিযুক্ত শিক্ষকের শুধু সাসপেনশন নয়, পদত্যাগ করতে হবে।

ঘটনার গুরুত্ব বুঝে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হন কলেজের প্রিন্সিপাল সোমনাথ পাত্র। তাঁর বক্তব্য, অভিযুক্ত শিক্ষককে আপাতত সাসপেন্ড করা হয়েছে। তিনি আর কলেজে আসবেন না। যদিও এই পদক্ষেপকে যথেষ্ট মনে করছে না ছাত্রছাত্রীরা। তাদের স্পষ্ট দাবি, শিক্ষকের পদত্যাগই একমাত্র সমাধান। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক জালালউদ্দিন আহমেদ সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

আরও পড়ুনঃ নবপঞ্চম যোগ! দেখে নিন কোন রাশির জন্য আসছে ভাগ্য বদল!

ঘটনাটি এখন বংশীহারী থানার অধীনে। ছাত্রীরা ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় একদিকে শিক্ষার্থীদের সুরক্ষার প্রশ্ন উঠছে, অন্যদিকে শিক্ষকদের নৈতিকতার মান নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনিক হস্তক্ষেপে বিষয়টির সমাধান হবে, এমনটাই আশা রাখছে সকলে। তবে শিক্ষাঙ্গনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles