নতুন অবতারে সামনে এল টাটা ন্যানো, ইলেকট্রিক ভার্সনে গাড়ি নিয়ে এলেন রতন টাটা

ভারতের বাজারে সস্তায় চারচাকা গাড়ি এনে বেশ আলোড়ন ফেলে দিয়েছিল টাটা ন্যানো। টাটা সংস্থার সবচেয়ে সস্তার এই গাড়ি মানুষের চারচাকা গাড়ি কেনার স্বপ্নকে যেন আরও কাছে এনে দিয়েছিল। কিন্তু নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় এই  গাড়িকে। এবার সেই ন্যানো গাড়িকেই নতুন অবতারে সামনে নিয়ে এল টাটা।

সম্প্রতি ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা বেশ বেড়েছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ও পরিবেশকে বাঁচানোর জন্য ইলেকট্রিক গাড়ির জুড়ি মেলা ভার। সেই চাহিদার কথা মাথায় রেখেই টাটা ন্যানোকে ইলেকট্রিক ভার্সনে লঞ্চ করল টাটা সংস্থা। ইলেকট্রিক ভার্সনের এই টাটা ন্যানো গাড়ি প্রথম ডেলিভারি দেওয়া হল সংস্থার প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে।

এই ই-টাটা ন্যানো গাড়িতে রয়েছে নানান সুবিধা। ইলেকট্রিক এই গাড়িটি ফোর সিটার অর্থাৎ এই গাড়িতে বসতে পারবেন চারজন। এই গাড়ির রেঞ্জ হলো ১৬০ কিলোমিটার। এই গাড়িতে একবার চার্জে দেওয়া হলে এই গাড়িটি ১৬০ কিলোমিটার পর্যন্ত দৌঁড়াতে পারবে। এর পাশাপাশি এই গাড়িটি হাই স্পিড গাড়ি হিসাবে পরিগণিত হতে শুরু করেছে। কারণ এই গাড়ি এক ঘন্টায় ০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগ তুলতে এই গাড়িতে সময় লাগবে ১০ সেকেন্ডের কম।

এই গাড়িতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে, পরিবেশবান্ধবের কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই গাড়িতে। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ৭২ভি আর্কিটেকচার। টাটা টিগর ইভি-তেও এই একই পাওয়ারট্রেন ব্যবহৃত হয়েছে। আর ডিজাইনের ক্ষেত্রেও আগের গাড়ির তুলনায় এই ই-গাড়িতে অনেক পরিবর্তন আনা হয়েছে।

টাটা সংস্থার এই ই-গাড়ির সম্পর্কে খবর ছড়াতেই সাধারণ মানুষের মধ্যে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। মানুষের মধ্যে এই গাড়ি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই গাড়ি সম্পর্কে অনেকেই জানিয়েছেন যে এই গাড়ি যে ফের ভারতীয় বাজারে ন্যানো গাড়ি ঝড় তুলবে।

RELATED Articles