যেমনটা পূর্বাভাস ছিল, তেমনটাই হল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, নভেম্বরের মাঝামাঝি করেই বঙ্গে শীতের আগমন ঘটবে। হলও তেমন। উত্তুরে হাওয়ার সঙ্গেই বাতাসে লাগল শীতের নাচন।
আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, এই সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে বড়সড় হাওয়া বদল ঘটবে। ধীরে ধীরে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। এর জেরে বেশ মনোরম পরিবেশ তৈরি হবে। আজ, শুক্রবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পতন একটু বেশি।
পার্বত্য এলাকা ছাড়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত বঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী রবিবার সামান্য বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় সকালে কুয়াশা ও ধোঁয়াশা দেখা যাবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন ছয় জেলা দেখা যাবে কুয়াশা। তবে হাওয়া অফিস এও জানাচ্ছে, শীতের মনোরম পরিবেশ তৈরি হলেও এই মুহূর্তে কিন্তু জাঁকিয়ে শীত পড়ছে না।
আবহাওয়া দফতর এও জানাচ্ছে, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কমবে। আগামী পাঁচদিনে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে। আজ, শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টাতেও কলকাতার তাপমাত্রা ২০ থেকে ২৯ ডিগ্রির মধ্যেই থাকবে বলে জানা গিয়েছে।





