ওয়াকফ সংশোধনী বিল নিয়ে চলছে নানান বিতর্ক। এই বিলের বিরোধিতা করেছে তৃণমূল। বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পেশ করা হয়েছে। এসবের মধ্যে এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবী করেছিলেন, কোনও জায়গায় বসে যদি ৫-১০ নমাজ পড়েন, তাহলে সেই জায়গা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এবার এই মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর কথায়, ওয়াকফ বিলের বিরোধিতায় প্রস্তাব পেশের অধিকার নেই। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, ওয়াকফ সংশোধনী বিল পাশ করানোর জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তা বিলের খসড়ায় লেখা রয়েছে। কিন্তু শুভেন্দুর কথায়, এটা একটা সাধারণ বিল, কোনও সংবিধান বিল নয় যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে।
শুভেন্দু বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও জায়গায় ৫ জন, ১০ জন, ২০ জন, ৫০ জন নমাজ পড়লেই সেই জায়গাটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এই বিলও পাশ হবে। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। সিএএ হয়েছে। কার্যকরও হয়েছে। ৩৭০ ধারা বাতিল হয়েছে। কাশ্মীরে ভোট হয়েছে। তিন তালাক বাতিল হয়েছে, পার্ক সার্কাস ময়দানে এই সিদ্দিকুল্লাহরা মুসলিম পার্সোন্যাল ল’ বোর্ডকে নিয়ে মিটিং করেছিল। আটকাতে পারেনি”।
বিরোধী দলনেতার কথায়, “বিধানসভা থেকে দিল্লির সরকারকে সনাতন বোর্ড তৈরির আবেদন জানানো উচিত। লভ জিহাদের বিরুদ্ধে, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মান্তরণের বিরুদ্ধে বিল আনা উচিত”।
এরপরই শুভেন্দু অধিকারী দাবী করেন, “গোটা পৃথিবীতে NRC আছে, আমাদের দেশেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে, উই ওয়ান্ট এনআরসি। এনআরসি হলে রোহিঙ্গাগুলো থাকতে পারবে না। এটা হিন্দু-মুসলমানের বিষয় নয়। এটা ভারতীয়দের নিজস্ব বিষয়”।






