গতকাল সকাল ৯ টা নাগাদ ওড়িশা উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পরেছিল গত ৪৩ বছরের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন ‘ফণী’। ঘন্টায় প্রায় ২০০ কিমি গতিবেগ নিয়ে পুরী সহ ওড়িষার অন্যান্য অঞ্চলে তান্ডবলীলা চালানোর পর অবশেষে কাল গভীর রাতে বাংলায় প্রবেশ করে ‘ফণী’। সকাল থেকেই ‘ফণী’-র জেরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আশঙ্কায় প্রহর গুনছিলেন দক্ষিণবঙ্গ বাসীরা। কিন্তু অবশেষে স্বস্তি, ‘ফণী’ ফণা তুলতে ব্যর্থ এই রাজ্যে।
আরও পড়ুন – পুরীতে তান্ডব শুরু ‘ফণী’-এর। বিদ্যুতহীন গোটা পুরী।
পূর্বে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল যে সিভিয়ার সাইক্লোন হিসেবে ঘন্টায় প্রায় ১০০-১২০ কিমি গতিবেগ নিয়ে দিঘা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আছড়ে পরবে ‘ফণী’। তবে স্বস্তির খবর এটিই যে, বাংলায় তেমন প্রভাবই ফেলতে পারলোনা ‘ফণী’। দিঘা-য় প্রবেশের পূর্বেই শক্তি হারায় ‘ফণী’। শেষে সিভিয়ার তকমা খুইয়ে শুধুমাত্র একটি সাইক্লোনিক স্টর্ম হিসেবে ঘন্টায় ৭০ কিমি বেগে দিঘা-তে আছড়ে পরে ‘ফণী’৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয় যে, দীর্ঘ সময় স্থলভাগে থাকার দরুণ দ্রুত শক্তি হারিয়েছে ‘ফণী’।





