জেলায় কোয়ারেন্টাইন সেন্টারে তীব্র অভাব খাবার ও জলের! বিক্ষোভ দেখানোয় গ্রেফতার ১২।

লোকের চাপ বাড়তেই জেলায় জেলায় কোয়ারেন্টাইন সেন্টারগুলির কঙ্কালসার চেহারা বাইরে আসছে। উঠছে চূড়ান্ত অব্যাবস্থার অভিযোগ। কোথাও কোথাও তো কোয়ারেন্টাইন সেন্টারে মিলছে না জীবনধারণের জন্য প্রয়োজনীয় জল টুকুও।

কোথাও আবার কোয়ারেন্টাইনে না ঢুকিয়ে সোজা মহারাষ্ট্র ফেরত পরিবারকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এই সব অব্যবস্থার মধ্যেই এবার কোয়ারেন্টাইন সেন্টারে খাবার ও জলের দাবিতে বিক্ষোভ দেখানোয় ১২ জন গ্রামবাসীকে গ্রেফতার করল পুলিশ। উস্তি থানা এলাকার এই ঘটনায় বুধবার থানার সামনে বিক্ষোভে বসেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তৃণমূলের দাবি, দক্ষিণ ২৪ পরগনায় সিপিএম লোক খ্যাপাচ্ছে।

উস্তি থানা এলাকার দক্ষিণ কেশিলি গ্রামে একটি কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন ১৫ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের অভিযোগ ঠিকমতো মিলছেনা জল ও খাবার। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পুলিশ সেখানে গেলে ইটবৃষ্টি শুরু হয়। তাতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের কয়েকটি গাড়ির কাচও ভেঙেছে। অভিযোগ, এর পর মঙ্গলবার রাতে কেশিলি গ্রামে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। ১২ জনকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়। তার মধ্যে ১ জন সিপিএম নেতাও রয়েছেন।

ঘটনার প্রতিবাদে বুধবার উস্তি থানার সামনে বিক্ষোভে বসেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, গ্রামবাসীদের দাবির সুরাহা করার বদলে বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করেছে পুলিশ। সিপিএম নেতাকে গ্রেফতার করার সময় তাঁর পরিবারের মহিলা সদস্যদের পুলিশকর্মীরা শারীরিক হেনস্থা করেছেন। কান্তি বাবু জানান, তাঁকে গ্রেফতার করে থানার সামনে থেকে সরাতে হবে। প্রায় ২ ঘণ্টা পুলিশি আশ্বাসে নিজের অবস্থান থেকে সরে আসেন তিনি।

RELATED Articles

Leave a Comment