সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে এক বড় সুখবর। দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির জল্পনা চলছিল, এবার সেই নিয়ে জোরালো ইঙ্গিত মিলেছে। শুধু কর্মরত কর্মচারীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মীরাও এই সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই এই খবর এখন সরকারি কর্মচারী মহলে নতুন আশার সঞ্চার করেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই ডিএ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর দিয়েছে। তবে সরকারিভাবে ঘোষণা এখনও হয়নি, যা খুব শিগগিরিই হতে পারে বলে খবর। জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশনের আওতায় কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে ৫৮ শতাংশে। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত কর্মচারীরাও পাবেন সমপরিমাণ বাড়তি ডিয়ারনেস রিলিফ (ডিআর)। এর ফলে তাঁদের ক্ষেত্রেও ডিআর পৌঁছে যাবে ৫৮ শতাংশে। কেন্দ্রীয় সরকার সাধারণত বকেয়া বা এরিয়ারও মিটিয়ে দেয়, তাই বাড়তি ভাতা পাওয়ার পাশাপাশি কর্মীরা অতিরিক্ত অর্থও হাতে পাবেন।
জুলাই ২০২৫ থেকে কার্যকর হওয়ার কথা এই বাড়তি ডিএ-এর। এর আগে চলতি বছরের জানুয়ারিতেই কর্মীদের জন্য এক ধাক্কায় ২ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। সেই বৃদ্ধির পরিমাণই ছিল ৫৫ শতাংশ। এবার নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই অঙ্ক আরও বাড়বে। সরকারি কর্মীদের আশায় বুক বাঁধার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকেই।
আরও পড়ুনঃ Muhammad Yunus : “ভারত আশা করছে হাসিনা বিজয়ী হিসেবে ফিরবেন” — ইউনুসের মন্তব্যে নতুন রাজনৈতিক গুঞ্জন, কি ঘটতে পারে পরবর্তী পদক্ষেপে?
তবে এখানেই শেষ নয়, অনেক কর্মীর মতে, এটাই হতে চলেছে সপ্তম বেতন কমিশনের আওতায় শেষ দফার ডিএ বৃদ্ধি। কারণ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে অষ্টম বেতন কমিশনের। তাঁদের আশা, নতুন কমিশনে ৫৮ শতাংশ ডিএ বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাতে স্বাভাবিকভাবেই এক লাফে অনেকটাই বাড়বে সরকারি কর্মীদের বেতন। এখন তাই সকলের নজর কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ঘোষণার দিকেই।





