‘তুই বাঁচবি তো’? তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে ফোনে হুমকি মেসেজ, পুলিশের জালে বিজেপি নেতা

হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ (threat message) পাঠিয়েছিলেন কেউ একজন। তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। তড়িঘড়ি দ্বারস্থ হন পুলিশের। তাঁর অভিযোগের ভিত্তিতে এক বিজেপি নেতাকে (BJP leadera) গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই গতকাল, মঙ্গলবারও নানান কর্মসূচি ছিল তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। রাত প্রায় ১০টা নাগাদ কর্মসূচি সেরে রিষড়ায় নিজের বাড়ি ফেরেন তিনি। অভিযোগ, রাত ১০টা ২৭ মিনিট নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ঢোকে। আর তাতেই ভয় পেয়ে যান সাংসদ।

সেই মেসেজে লেখা ছিল, “তুই বাঁচবি তো”? অপরিচিত এক নম্বর থেকে এমন হুমকি মেসেজ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অপরূপা পোদ্দার। জানা গিয়েছে, তাঁর স্বামী শাকির আলি বাড়ি ফেরেন রাত প্রায় ১টা নাগাদ। তাঁর কথায়, তিনি বাড়ি ফিরে দেখেন যে তাঁর স্ত্রী তাদের মেয়েকে জড়িয়ে বসে রয়েছেন। ভয়ে তিনি কান্নাকাটি করছিলেন বলে জানান শাকির আলি।

অপরূপার স্বামীর কথায়, রাতেই পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। গোটা বিষয়টা রাতে মেল করে জানানো হয় শ্রীরামপুর থানায়। আজ, বুধবার সকালে হার্ড কপি জমা দেওয়া হয়েছে। সাংসদের অভিযোগ পাওয়া পরই এই ঘটার নেপথ্যে কে রয়েছেন, তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

জানা গিয়েছে, এই ঘটনায় অম্লান দত্ত নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই যুবক বিজেপি নেতা বলেই পরিচিত। গত পুরভোটে তিনি বৈদ্যাবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীও হয়েছিলেন বলে খবর। তবে ঠিক কোন উদ্দেশ্যে সাংসদকে এমন হুমকি মেসেজ পাঠানো হয়েছিল, তিনি নিজে সেই মেসেজ পাঠিয়েছেন কী না, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।

RELATED Articles