সামনে থেকে দেখলে সাধারণ এক মুদির দোকান। কিন্তু এই দোকানের আড়ালেই যে এমন এক কাণ্ড ঘটছে, তা আর কী করে জানবে সকলে। মুদির দোকানের আড়ালেই রমরমিয়ে চলছিল বেআইনি ম’দের ব্যবসা। দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ আসছিল পুলিশের কাছে। শেষমেশ পুলিশ নড়েচড়ে বসতেই উঠে এল আসল তথ্য। ঘটনায় গ্রেফতার এক গৃহবধূ।
সূত্রের খবর, পিয়ালী স্টেশন এলাকা থেকে বেআইনি মদ-সহ ওই গৃহবধূকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃত ওই গৃহবধূর নাম সুপর্ণা ঘোষ। ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার বিদেশি ম’দ উদ্ধার করা হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার রাতে পিয়ালী স্টেশন এলাকায় হানা দেয় বারুইপুর থানার পুলিশ। সেখানকারই এক মুদির দোকানে তল্লাশি চালানো হয়। আর এরপরই বেরিয়ে আসে আসল তথ্য। ওই মুদির দোকান থেকে বিপুল পরিমাণে বিদেশি ম’দ উদ্ধার করে পুলিশ। এর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিগত বেশ কয়েকদিন ধরেই পিয়ালী এলাকা থেকে অভিযোগ আসছিল যে ওই এলাকায় নাকি বেআইনিভাবে ম’দ বিক্রি করা হচ্ছে। এরপরই তৎপর হয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় এক গৃহবধূকে। পুলিশের অনুমান, দোলে বিক্রির জন্যই বিপুল পরিমাণে বিদেশি ম’দ মজুত করেছিলেন ওই গৃহবধূ।





