ট্রেনের ফাঁকা সিটে পা তুলে রাখার জের, পিটিয়ে সেই পা-ই ভেঙে দিল সহযাত্রী, ফাটল মাথাও

ট্রেনের ফাঁকা সিটে পা তুলে রাখার অভ্যেস রয়েছে অনেকেরই। এক যুবকও তেমনই করেছিলেন। কিন্তু এর ফল যে এমন মারাত্মক হবে, তা হয়ত কল্পনাও করতে পারেন নি তিনি। ট্রেনের ফাঁকা সিটে পা তুলে বসা নিয়ে বচসা সহযাত্রীর সঙ্গে। সহযাত্রীর মারে পা ভাঙল যুবকের। দু’পক্ষই পুলিশে অভিযোগ জানিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। আহত ব্যক্তির নাম বাবু মণ্ডল। বালুরঘাটের সন্ধ্যা সিনেমা হল এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, গতকাল, বুধবার তেভাগা এক্সপ্রেসে কলকাতা থেকে বালুরঘাট ফিরছিলেন তিনি। ওই ট্রেনেই ছিলেন চকভৃগু এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডল। জানা গিয়েছে, নিজের সামনের ফাঁকা সিটে পা তুলে বসেছিলেন বাবু মণ্ডল। তা নিয়েই বিবাদ শুরু হয় বাবু ও বিকাশের মধ্যে। সেই সময় ঝামেলা মিটে গেলেও ট্রেন থেকে নামার পর ফের পরিস্থিতি উত্তপ্ত হয়।

অভিযোগ, বালুরঘাট স্টেশনে নামার পরই ফের ঝগড়া শুরু হয় বাবু ও বিকাশের মধ্যে। সেই সময় বাবুর উপর চড়াও হন বিকাশ, এমনটাই অভিযোগ। মারামারি শুরু হয়। বাবুর মাথাতে আঘাত করেন বিকাশ। এমনকি, মেরে বাবুর পা-ও ভেঙে দেন তিনি। জখম অবস্থায় বাবুকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বাবু। গতকাল সন্ধ্যাতেই ওই যুবকের পা প্লাস্টার করা হয়। পরবর্তীতে অস্ত্রোপচার করা হতে পারে বলে জানা গিয়েছে। 

এই ঘটনায় বাবুর স্ত্রী অভিযোগ দায়ের করেছেন পুলিশে। পাল্টা আবার অভিযোগ দায়ের করেছেন বিকাশ মণ্ডলও। তাঁর দাবী, বাবুই প্রথমে মারধর শুরু করেছিলেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করা হয়নি। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে আক্রান্ত যুবকের বন্ধুর কথায়, “আমরা ট্রেনে আসছিলাম। আমার বন্ধু পা তুলে বসেছিল। তা নিয়ে আরেক যাত্রীর সঙ্গে বচসা হয়। পরে মিটে যায়। কিন্তু রাস্তাতে ওই ব্যক্তি আমাদের উপর চড়াও হন। আমার বন্ধুকে ইট ও পাথর দিয়ে মাথায় ও পায়ে আঘাত করে। আমি যেতে যেতেই সে পালিয়ে যায়। আমার মনে হয়, ওই ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। তা না হলে সামান্য কারণে এভাবে কেউ আক্রমণ করে”।

RELATED Articles