গতকাল, বুধবার শেষ হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে গতবারের চেয়ে এই বার বাংলায় দেশবিদেশের লগ্নি অনেক বেশি। এর পাশাপাশি তিনি দেশের শিল্প পরিস্থিতি নিয়েও বেশ উষ্মা প্রকাশ করেন।
কেন শিল্পপতিরা চলে যাচ্ছেন দেশ ছেড়ে?
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে জানান যে শিল্পপতিরা কেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তাঁর কথায়, “আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কেন আমাদের দেশের শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কেন তাঁরা সবসময় ভয়ে ভয়ে থাকেন, এই বুঝি কোনও এজেন্সি তাঁদের ঘাড় চেপে ধরল”।
বাংলাই বিনিয়োগের ভবিষ্যতের ঠিকানা
দেশের শিল্প পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মমতা এও বলেন, “বাংলাই হল বিনিয়োগের ভবিষ্যৎ গন্তব্য”। এর কারণ জানিয়ে তিনি বলেন, “আমাদের জমি তৈরি রয়েছে। আমাদের পরিকাঠামো তৈরি রয়েছে। আপনারা যদি এখানে বিনিয়োগ করেন তাহলে আপনারা প্রশিক্ষিত কর্মী পাবেন”।
শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার আহ্বান জানিয়ে মমতা বলেন, “আপনারা আপনাদের শিল্পপতি ভাই বন্ধুদের বলুন এ রাজ্যে বিনিয়োগ করতে। সরকার সব রকম সাহায্য করবে। সুযোগ বার বার আসে না। যে সুযোগ এসেছে সেই সুযোগ কাজে লাগান”।
মমতার মন্তব্যে কী প্রতিক্রিয়া বিরোধীদের?
দেশ থেকে শিল্পপতিদের চলে যাওয়ার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, এর প্রেক্ষিতে বামনেতা সুজন চক্রবর্তী বলেন, “রাজ্যের উপর শিল্পপতিরা ভরসা করতে পারছেন না। ঠিক একইভাবে দেশের শিল্পপতিরাও দেশের উপর ভরসা করতে পারছে না। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে। অসংখ্য বেকার। শিল্পপতি না বুঝে উঠতে পারছেন না এখানে কী হবে”।
অন্যদিকে, বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মত, “আমরাও একটা জিনিস বুঝতে পারছি না, কেন বাংলার সমস্ত শিল্পপতি ওড়িশা, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশে বিনিয়োগ শুরু করেছে। কেন এ রাজ্যে কেউ বিনিয়োগ করতে আসছে না। আর মেক ইন ইন্ডিয়া সফল করতে সারা বিশ্ব থেকে বিখ্যাত ব্র্যান্ডরা আসছেন”।





