মরশুমে প্রথম কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে, শীতের স্পেল শুরু বঙ্গে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

এখন বাতাসে শুধু হিমেল পরশ। সকাল-সন্ধ্যের শিরশিরানি ভাব বেশ ভালোভাবেই জানান দিচ্ছে যে শীত এই এল বলে। চলতি মরশুমে এই প্রথম কলকাতার তাপমাত্রার পারদ নামল ২০ ডিগ্রির নীচে। এবার বেশ জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি হলেও চলতি মরশুমে তা প্রথম। জেলার তাপমাত্রাও ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। আগামীকাল, শুক্রবার শহরের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কী বলছে হাওয়া অফিস?

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় এই প্রথম পারদ এতটা নিচে নামল। তবে রাজ্যে জাঁকিয়ে শীতের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বঙ্গোপসাগরে নতুন করে কোনও নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই। তাই আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরমই থাকবে। কিন্তু চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ।

অন্যদিকে, শীতের ইনিংস শুরু হয়েছে উত্তরবঙ্গে। পার্বত‌্য জেলাগুলিতে বেশ কনকনে ঠাণ্ডা।  দক্ষিণবঙ্গের নানান জেলাতেও তাপমাত্রার পতন চলছে। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বর্ধমান, বোলপুরে বেশ ভালো ঠান্ডা রয়েছে। ভোরের দিকে ঘন কুয়াশা থাকছে। পুরুলিয়ার তাপমাত্রা ইতিমধ্যেই ১৫ ডিগ্রির ঘরে নেমেছে। বাঁকুড়ার তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রির ঘরে। সপ্তাহের শেষদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কমবে বলে জানাল হাওয়া অফিস।

শীতের পথে ফের কাঁটা নিম্নচাপ?

কিন্তু মৌসম ভবন আবার জানাচ্ছে, আগামী ২৫ নভেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। ২৬ নভেম্বর তা নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৭ নভেম্বর সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের অভিমুখ এখনও স্পষ্ট নয়। তবে সাগরে শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হলে ফের বাধা পাবে ঠান্ডা, শুষ্ক বাতাস। আর এর ফলে তাপমাত্রার পতনে বাধা পড়বে। এর জেরে বঙ্গে শীতের আগমন আরও পিছতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles