চাঁদা না দেওয়ায় অঞ্জলিতে বাধা, অষ্টমীর সকালে হাতাহাতি-ধাক্কাধাক্কির জেরে মৃত্যু এক মহিলার, শোকের ছায়া গোটা গ্রামে

চাঁদার জুলুম যে একসময় বাংলায় ছিল, তা সকলেরই জানা। পাড়ায় পাড়ায় চাঁদা নিয়ে বেশ ঝামেলা লেগেই থাকত। তবে এখন এই ধরণের ঘটনা বিশেষ দেখা যায় না। কিন্তু তবুও অষ্টমীর সকালে এই চাঁদা দেওয়াকে কেন্দ্র করেই শুরু হল বচসা যা গড়ায় হাতাহাতি, ধাক্কাধাক্কিতে। এর জেরে মৃত্যু হল ৪৫ বছর বয়সী এক মহিলার। নাম সুচিত্রা মণ্ডল।

ঘটনাটি ঘটেছে অষ্টমীর সকালে মুর্শিদাবাদ থানার সন্ন্যাসীডাঙা গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামে একটি রক্ষাকালী মন্দির রয়েছে। ১০ বছর হল সেখানে দুর্গাপুজো হয়। মাস দুয়েক আগে সেখানে নাম সংকীর্তনের আসর বসেছিল। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এলাকার দুটি পরিবার ওই নাম সংকীর্তন ও দুর্গাপুজো, দুটোর কোনওটারই চাঁদা দেয়নি।

জানা গিয়েছে, গতকাল, অষ্টমীর সকালে ওই দুই বাড়ির মহিলারা অঞ্জলি দিতে যান মন্দিরে। কিন্তু সেই সময় উদ্যোক্তাদের তরফে বলা হয় যে তাদের পরিবারের তরফে যেহেতু চাঁদা যেহেতু দেওয়া হয়নি, তাই অঞ্জলিও দেওয়া যাবে না। প্রথমে কিছু মহিলা ঘিরে ধরেন তাদের। তারপর পুরুষরাও যুক্ত হন ওই ঝামেলায়।

এই নিয়ে তুমুল বচসা শুরু। এই বচসা জড়ায় হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে। মৃতার পরিবারের অভিযোগ, এই ধাক্কাধাক্কিতে সুচিত্রাকে ধাক্কা মারা হয়। তিনি মাটিতে পড়ে যান। এরপরই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু সেখানে মৃত বলে ঘোষণা করা হয় ওই মহিলাকে।

এই ঘটনায় মুর্শিদাবাদের পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন যে এই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতা মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। মৃতার পরিবারের তরফে ৬ জনের নামের খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

RELATED Articles