‘রাগের মাথায় ভাঙচুর না করে দেশ ছেড়ে চলে যেতে পারত’, হাওড়া হিংসার ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার তরুণী

গত দু’দিন ধরে রাজ্যে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি নেত্রী নূপুর শর্মা মহানবী হজরত মহম্মদ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে বাংলার নানা প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। হাওড়া, পার্ক সার্কাস নানান প্রান্তে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার হাওড়ার অঙ্কুরহাটিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে একটি সম্প্রদায়ের প্রতিনিধিরা। নবান্নের তরফে কড়া বার্তা দেওয়া হলেও কোনও লাভ হয়নি। প্রায় ১১ ঘণ্টা অবরোধ থাকে। এর জেরে চরম ভোগান্তি পোহায় সাধারণ মানুষ। অবরোধের জেরে আটকে যায় গাড়ি, অ্যাম্বুলেন্স।

শুধু তাই-ই নয়, গতকাল, শুক্রবার সলপে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ধূলাগড়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা। এর জেরে গতকালই গোটা হাওড়া জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। হিংসা ঠেকাতে উলুবেড়িয়ার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে সরকারের তরফে।

এই হিংসার ঘটনার প্রতিবাদ করেছিলেন ঐশানী নামের এক তরুণী। সোশ্যাল মিডিয়ায় এই হিংসার ঘটনার ছবি দিয়ে তিনি লিখেছিলেন, “ওরা রাগের মাথায় ভাঙচুর না করে দেশ ছেড়ে চলে গেলেও তো পারত”। এই কথা বলার পরই তাঁর দিকে ধেয়ে আসে নানান কটাক্ষ। সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় তুমুল আক্রমণ করে ওই তরুণীকে। এমনকি, নানা কটূক্তিও করা হয় ওই তরুণীকে। যদিও পরবর্তীতে ওই তরুণী সামাজিক মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন।

কিন্তু ঐশানীর উক্ত মন্তব্যের পরই বেলডাঙা থানায় জড়ো হয় একটি সম্প্রদায়ের মানুষ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। চলে ইটবৃষ্টি। কার্যত রণক্ষেত্রে পরিণত হয় মু্র্শিদাবাদের বেলডাঙা থানা চত্বর। ওই তরুণীর শাস্তি চেয়ে বিক্ষোভ দেখায় বিশেষ সম্প্রদায়ের মানুষরা।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। এরপর মুর্শিদাবাদ পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই জমায়েত ভঙ্গ করা হয়। ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

তবে এই নিয়ে বিতর্ক থামেনি। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে যে ভারত একটা স্বতন্ত্র দেশ। তাহলে বাক স্বাধীনতার জন্য কেন কাউকে এভাবে গ্রেফতার করা হবে। এই ঘটনা নিয়েও সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment