চোর সন্দেহে এক যুবকের চোখে-মুখে লঙ্কাগুঁড়ো ছড়িয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকার কয়েকজন যুবকদের বিরুদ্ধে। আপাতত ওই যুবক কামারহাটির সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে নিমতার সুকান্তপল্লী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, গতকাল, শনিবার ভ্যান চোর সন্দেহে দেবজিৎ সিকদার নামের এক যুবকের বাড়ির ভিতর ঢোকে কিছু দুষ্কৃতী। এরপর ওই যুবকের চোখেমুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় অভিযোগ তোলা হয়েছে এলাকারই বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নিমতার সুকান্তপল্লী এলাকায়। এভাবে বাড়ির ছেলে আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন দেবজিতের পরিবারের লোকজন।
এই ঘটনাতে লেগেছে রাজনীতির রঙ। অভিযোগ, যে সমস্ত যুবকরা দেবজিতকে মারধর করেছে, তারা এলাকায় তৃণমূল কর্মী নামেই পরিচিত। আক্রান্তের পরিবারের তরফে হামলাকারী যুবকদের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দেবজিতের উপর এই নির্মম অত্যাচারের উপযুক্ত শাস্তির দাবী করা হয়েছে তাঁর পরিবারের তরফে। নিমতা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেবজিৎ সিকদার। জানা গিয়েছে, তিনি রাজমিস্ত্রির কাজ করে। তার মধ্যেই এভাবে চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় আতঙ্কে গোটা পরিবার।
এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা জয় সাহা বলেণ, “ তৃণমূলের লোকেরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে এই সমস্ত অমানবিক ঘটনা ঘটাচ্ছে আর প্রশাসন সবকিছু জেনেও চুপ থাকছে”।





