বগটুই গণহত্যাকাণ্ডে নেই কোনও বিক্ষোভ মিছিল, কিন্তু জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামছে AAP, তৃণমূলের ছত্রছায়ায় আসার চেষ্টা?

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে পঞ্জাব থেকে ব্যাপক ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সে রাজ্যের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় এসেছে আপ। এরপর তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েই দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে লড়বে আম আদমি পার্টি।

আর সে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। একের পর এক সমাবেশ, মিছিলের আয়োজন করছে আপ। গত মার্চ মাসেই ছিল এই রাজ্যে আপ-এর এক পদযাত্রা। আর এবার ফের একবার রাস্তায় নামতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এবার বিক্ষোভ সমাবেশ আম আদমি পার্টির।

পশ্চিমবঙ্গ আম আদমি পার্টির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে আগামী ১০ই এপ্রিল অর্থাৎ আগামীকাল, রবিবার একটি পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে আপ-এর তরফে। জ্বালানির ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল। জানানো হয়েছে, পদযাত্রা শুরু হবে আগামীকাল দুপুর ২টো থেকে। কলকাতার এলিয়ট পার্ক থেকে রাজভবন পর্যন্ত চলবে এই পদযাত্রা।

আপ-এর এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানালেও এই নিয়ে রাজনৈতিক মহলে উঠছে একাধিক গুঞ্জন। কিছুদিন আগেই রামপুরহাটের বগটুইয়ে যে গণহত্যাকাণ্ড ঘটে গেল, তা নিয়ে সরব হয়েছিল নানান বিরোধী রাজনৈতিক দলগুলি। হয়েছে একাধিক বিক্ষোভ মিছিল। কিন্তু সেই সময় রাজ্যের আম আদমি পার্টি সোশ্যাল মিডিয়ায় স্রেফ একটি পোস্ট ও প্রেস রিলিজ দিয়েই এই ঘটনা থেকে মুখ ফিরিয়ে নেয়।

সেই পোস্টে শাসকদলের নিন্দা করলেও তা নিয়ে কোনও প্রশ্ন তুলতে বা কোনও ধরণের কোনও বিক্ষোভ মিছিল বা সমাবেশ করতে দেখা যায় নি আপ-কে। কিন্তু এখন জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ঠিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ফেলল তারা।

এর থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কী আম আদমি পার্টি পশ্চিমবঙ্গে শাসকদলের সঙ্গেই হাত মিলিয়ে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার চেষ্টায় রয়েছে? কারণ বিজেপিকে বাংলা থেকে সরাতে পারলে প্রধান বিরোধী দল হয়ে ওঠা যাবে সহজেই। নাকি শাসকদলকেই সরিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতা গড়ার দিকেই এগোচ্ছে আপ? শোরগোল রাজ্য রাজনীতিতে।

RELATED Articles