বিগত প্রায় কয়েকমাস ধরেই তৃণমূলে আদি-নব্য দ্বন্দ্ব শুরু হয়েছে। আর লোকসভা নির্বাচন এগিয়ে আসর সঙ্গে সঙ্গেই সেই দ্বন্দ্ব যেন আরও প্রকট হচ্ছে দিনদিন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব বেড়েছে। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা। আর এসবের মধ্যেই এবার নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে জোরালো দাবী করলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিগত কয়েকদিন ধরেই বারবার শিরোনামে উঠে এসেছে মমতা ও অভিষেকের মধ্যেকার দূরত্ব। দু’জনের মধ্যে যে একটা ঠাণ্ডা লড়াই চলছে, তা বেশ স্পষ্ট। যদিও তা নিয়ে মুখ খুলতে নারাজ দু’পক্ষই। বিরোধীদের দাবী, অভিষেক দলের বিধায়কদের ভাঙিয়ে মমতাকে ক্ষমতাচ্যুত করে নিজে মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন। আবার কেউ বলছেন তিনি নাকি বিজেপির সমর্থনে সরকার গড়বেন বাংলায়। এমন সব জল্পনার মাঝেই এবার মুখ খুললেন অভিষেক।
কী জানালেন অভিষেক?
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী হতে চান না। কোনও প্রশাসনিক পদের প্রতি তাঁর কোনও মোহ নেই। তিনি দলের এক একনিষ্ঠ সৈনিক হয়েই থাকতে চান। তিনি এও জানান যে ইন্ডি জোট যদি ক্ষমতায় আসে, তাহলেও তিনি কোনও মন্ত্রী পদ চান না।
বরাবরই নিজেকে তৃণমূলের সৈনিক বলেই দাবী করে এসেছেন অভিষেক। এদিনও সেই কথাই বলেন তিনি। এর আগেও অভিষেক দাবী করেছেন “দলের একজনই নেত্রী। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই তিনি কাজ করবেন। অন্য কারও নির্দেশে তিনি কাজ করবেন না”।
আর সাম্প্রতিক এই সাক্ষাৎকারেও তেমনটাই দাবী করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে অভিষেকের বক্তব্য, “প্রশাসনে থাকার আমার কোনও ইচ্ছা নেই। আমি দলের কাজেই নিজেকে ব্যস্ত রাখতে চাই”। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তাঁকে নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে, তা একেবারেই ভিত্তিহীন বলেই দাবী অভিষেকের।
উল্লেখ্য, বিরোধীদের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ত একনাথ শিন্ডের মতো করেই বাংলায় ক্ষমতা দখল করবেন। মহারাষ্ট্রে শিবসেনার প্রতিষ্ঠা করেছিলেন বালাসাহেব ঠাকরে। এরপর একনাথ শিন্ডে বালাসাহেবের পুত্র উদ্ধব ঠাকরের সঙ্গে হাত মিলিয়ে শিবসেনা নামটি কার্যত ছিনিয়ে নেন। মহারাষ্ট্রে বিজেপির সমর্থনে সরকার গড়েন তিনি। তেমনই জল্পনা তৈরি হয়েছে অভিষেককে নিয়েও। তবে এবার সেই জল্পনা উড়িয়ে দিলেন অভিষেক।






