প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’কে টক্কর? নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ আরও বাড়াতে এবার ‘রেডিও নবজোয়ার’ কর্মসূচির ঘোষণা তৃণমূলের

‘তৃণমূলের নবজোয়ার’ নামে নতুন কর্মসূচি শুরু করেছে তৃণমূল। ২ মাসের এই কর্মসূচিতে জেলায় জেলায় সভা করছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য একটাই, গ্রাম বাংলার মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনো। এবার গ্রামবাংলার মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে আরও এক পদক্ষেপ নিল তৃণমূল।

প্রতি মাসের শেষ রবিবার দেশের মানুষের সঙ্গে মনের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেডিওর মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার তাঁর সেই অনুষ্ঠানের নাম ‘মন কি বাত’। এবার তৃণমূলের তরফেও সেই একই পন্থা অবলম্বন করা হল। গ্রামবাংলার মানুষের আরও কাছে পৌঁছতে সেই রেডিওকেই হাতিয়ার করছে তৃণমূল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেই কারণে মানুষের আরও কাছে পৌঁছতে এই নতুন কর্মসূচি নিল ঘাসফুল শিবির।

ঘাসফুল শিবিরের তরফে শুরু হচ্ছে ‘রেডিও নবজোয়ার’। পডকাস্টের মাধ্যমে শুরু হবে এই নতুন কর্মসূচি। জানা যাচ্ছে, দলের প্রথম সারির প্রায় সমস্ত নেতা এই কর্মসূচিতে অংশ নেবেন। তৃণমূলের তরফে ‘রেডিও নবজোয়ার’ বলে ৪৯ সেকেন্ডের একটি পডকাস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। জানা গিয়েছে, এই কর্মসূচিতে রাজ্যের নানান উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হবে। সাধারণ মানুষ কীভাবে সেই প্রকল্পগুলির সুবিধা পাবেন, তা জানানো হবে এই পডকাস্টের মাধ্যমে।

তৃণমূলের তরফে এও জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে গ্রামবাংলায় লুকিয়ে থাকা নানান প্রতিভাকে সামনে আনা হবে। কেউ কেউ হয়ত খুব ভালো গান করেন, কিন্তু সেভাবে সুযোগ পান নি, আবার কোনও জায়গায় হয়ত কোনও বিশেষ জিনিস রয়েছে যা সাধারণ মানুষ জানেনই না, সেই সমস্ত কিছু এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

ঘাসফুল শিবিরের দাবী, এর আগে এমন কর্মসূচি কোনও রাজনৈতিক দল করে নি। এই কর্মসূচি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের পালে আরও হাওয়া আনতে পারে কী না, সেটাই এখন দেখার।

RELATED Articles