Acid attack: ভালোবাসা না প্রতিশোধ? আবির শেখের নৃশংসতা, প্রেমিকা বিয়ে করতে না চাওয়ায় মুখে ছোড়া হলো অ্যাসিড!

ভালোবাসা যদি জোর করে চাপিয়ে দেওয়া হয়, তবে সেটি আর সম্পর্ক থাকে না, হয়ে ওঠে দুঃস্বপ্ন। একতরফা ভালোবাসা যখন হিংস্রতার রূপ নেয়, তখন সমাজের কাছে সেটি ভয়াবহ সংকেত হয়ে দাঁড়ায়। বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে, যা সকলকে হতবাক করেছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে মারল তারই প্রেমিক।

সম্প্রতি দেশে একতরফা প্রেমের জেরে ঘটে যাওয়া নৃশংস অপরাধের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষত, যখন কোনো নারী তার নিজের সিদ্ধান্ত নিতে চায়, তখনই কিছু নরপিশাচের রোষের শিকার হতে হয় তাকে। ধানগড়ার এই ঘটনায়ও উঠে এল সেই নির্মম বাস্তব। বিয়েতে রাজি না হওয়ায় আবির শেখ নামে এক যুবক চরম নৃশংসতার পরিচয় দিল, যা আবারও সমাজের অসুস্থ মানসিকতার দিকে আঙুল তুলল।

শনিবার বিকেলে ওই তরুণী তার বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু মাঝপথে আচমকাই তার সামনে এসে দাঁড়ায় আবির। অভিযোগ, সে জোর করে মেয়েটিকে মাঠের দিকে টেনে নিয়ে যায় এবং সেখানেই বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। তরুণী প্রথমে হতভম্ব হয়ে যায় এবং কিছুটা সময় চায় ভাবার জন্য। কিন্তু আবির এক মুহূর্তও অপেক্ষা করতে রাজি ছিল না। সে চেয়েছিল, মেয়েটি সঙ্গে সঙ্গেই তার কথায় সম্মতি দিক।

কিন্তু তরুণী রাজি না হওয়ায় রাগে ফেটে পড়ে আবির। পকেট থেকে একটি অ্যাসিডের বোতল বের করে আচমকা তা তরুণীর মুখে ছুড়ে মারে। মুহূর্তের মধ্যেই তার মুখ ঝলসে যায়, তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। চিৎকার শুনে আশপাশের লোকজন দৌড়ে এসে মেয়েটিকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয়রাই তড়িঘড়ি তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা জানান, তরুণীর মুখের একটি বড় অংশ ও গলা মারাত্মকভাবে পুড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ Myanmar earthquake : শুক্রবারের নামাজের সময়ই কাঁপল মাটি! ৭.৭ মাত্রার ভূমিকম্পে ধ্বংস মসজিদ, লাশের স্তূপে প্রাণহীন শহর!

এদিকে, তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আবির শেখকে গ্রেফতার করে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে চাইছে, এই হামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সমাজের একাংশের প্রশ্ন, কবে এ ধরনের নৃশংসতার শেষ হবে? কবে ‘না’ মানে সত্যিই ‘না’ বলে স্বীকৃতি পাবে?

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles