১ বছরে বেড়েছে ৪০ শতাংশ, অ্যাসিড হামলায় দেশের সমস্ত রাজ্যকে পিছনে ফেলল বাংলা, ভয়ঙ্কর রিপোর্ট

গতকাল, মঙ্গলবারই সামনে এসেছে ২০২৩ সালের ন্যাশানাল ক্রাইম ব্যুরো রিপোর্ট। তাতে দেখা গিয়েছে, দেশের মধ্যে সবথেকে নিরাপদতম শহর হল কলকাতা। তিলোত্তমার এমন জয়ে বেশ খুশি ও স্বস্তিতে শহরবাসী। কিন্তু এরপরই যে তথ্য সামনে এল, তা আতঙ্কিত করার মতোই।

ন্যাশানাল ক্রাইম ব্যুরো বা এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, অ্যাসিড হামলার দিক থেকে দেশের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে বাংলা। এই রিপোর্ট অনুযায়ী, এবারও অ্যাসিড হামলায় উত্তরপ্রদেশকেও পিছনে ফেলে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৮ সাল থেকে এই নিয়ে অ্যাসিড হামলায় ৫ বার শীর্ষে বাংলা।  

এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে দেশে মোট ২০২টি অ্যাসিড মামলা রুজু করা হয়েছে। আর এর মধ্যে ৪৮টি মামলাই বাংলার। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে ২০২২ সালে ৩০টি অ্যাসিড হামলার মামলা রুজু করা হয়েছে।    

আরও বেশি উদ্বেগের বিষয় হল, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাংলায় ১৪টি অ্যাসিড হামলা বেড়েছে। অর্থাৎ মাত্র এই এক বছরেই বঙ্গে অ্যাসিড হামলা বৃদ্ধি পেয়েছে ৪০ শতাংশ আর অ্যাসিড হামলায় আক্রান্তদের ৯০ শতাংশই মহিলা, যা আরও বেশি হাড়হিম করা ঘটনা।

তবে এই প্রথমবার নয়। অ্যাসিড হামলার পরিসংখ্য়ানের দিক থেকে ২০১৮ সাল থেকেই শীর্ষে রয়েছে বাংলা। ২০২১ সালের পরিসংখ্য়ান অনুযায়ীও, দেশের ১৭৪টি অ্যাসিড হামলার মধ্যে ৩৪টিই হয়েছিল বাংলায়। এর মধ্যে ৩০ জন আক্রান্তই ছিলেন মহিলা। এছাড়া আরও ১১ জনের উপরে অ্যাসিড হামলার চেষ্টা করা হয়েছিল।

এমন রিপোর্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে খোলাবাজারে অ্যাসিড বিক্রি নিয়ে পুলিশ-প্রশাসন কী আদৌ নজরদারি করছে? শুধু তাই-ই নয়, এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, কলকাতায় মহিলাদের উপর অপরাধ নিয়ন্ত্রণে সবথেকে কম সংখ্যক মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট বলছে, কলকাতায় প্রতি ১ লক্ষ জনসংখ্যার পিছু ৮৬.৫টি অপরাধের মামলা রেকর্ড করা হয়েছে। ভারতের শহরগুলির মধ্যে কলকাতাতেই সবথেকে কম সংখ্যক অপরাধ রেকর্ড করা হয়েছে। এই তালিকায় কলকাতার পর রয়েছে মহারাষ্ট্রের পুনে (২৮০.৭) আর তারপর রয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ (২৯৯.২)।   

RELATED Articles