‘সিভিক ভলান্টিয়ারদের পদ তুলে দিক রাজ্য’, আনিস খান হত্যাকাণ্ড মামলার শুনানি চলাকালীন দাবী অ্যাডভোকেট জেনারেলের

ছাত্রনেতা আনিস খানের মৃত্যু মামলার শুনানিতে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই মামলায় সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে প্রথম থেকেই নানান প্রশ্ন উঠে এসেছে। এবারও সেই প্রসঙ্গ উঠতেই অ্যাডভোকেট জেনারেল বলে বসেন রাজ্য থেকে সিভিক ভলান্টিয়ার পদ তুলে দেওয়া উচিত।

তবে পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করতে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “আমি সিভিক ভলান্টিয়ার পদ তুলে দেওয়ার কোনও সুপারিশ করছি না। এটা আমার ব্যক্তিগত মতামত”।

আনিস খানের মৃত্যুতে নাম জড়িয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনার দিন তিনি দায়িত্বে ছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে তদন্তকারীদের তরফে। জানা গিয়েছে, ঘটনার দিন ওই সিভিক ভলান্টিয়ারের নেতৃত্বেই আনিসের বাড়িতে অভিযান চালানো হয়।

আজ এই মামলার শুনানি চলাকালীন ফের একবার সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে কথা উঠতেই মেজাজ হারান অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, “চুক্তিভিত্তিক হওয়ায় সিভিক ভলান্টিয়ারদের কী কোনও দায়িত্ব নেই”।

এদিকে, সিটের তদন্তের রিপোর্ট অনুযায়ী, আনিস খান আত্মহত্যা করেন নি, দুর্ঘটনাজনিত হত্যার শিকার তিনি। আজ, মঙ্গলবার হাইকোর্টে সরকারের তরফের আইনজীবী এমনটাই জানিয়েছেন। আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে যে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে আনিসের। এর জেরে ঘুরপথে একরকম পুলিশের গাফিলতির কথাই উঠছে। সরকার পক্ষের আইনজীবীর বক্তব্যে বেশ স্পষ্ট যে পুলিশের ভূমিকায় রাজ্য সন্তুষ্ট নয়।

বলে রাখি, শুধু আনিসের ঘটনাতেই নয়, এর আগেও সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে অনেক মামলাতেই প্রশ্ন উঠেছে। অনেক সময়ই সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে শৃঙ্খলা ভেঙে নিয়ম বহির্ভূত কাজ করার অভিযোগ উঠেছে।

RELATED Articles