বেশ যখন রাজ্যবাসী মনে করছিল যে নিম্নচাপ-ঘূর্ণিঝড়ের পাঠ চুকিয়ে এবার শীতটা পড়বে, সেখানেই ফের বাধা, একটু একটু করে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছিল রাজ্যে। শুষ্ক আবহাওয়ার সঙ্গে শীত শীত ভাবটাও অনুভূত হচ্ছিল। কিন্তু এরই মধ্যে আবহাওয়া দফতরের তরফে এল নিম্নচাপের বার্তা। আবহবিদদের আশঙ্কা, বঙ্গোপসাগরে ফের ঘনাতে পারে নিম্নচাপ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে। ঘূর্ণাবর্ত তৈরির পরিবেশও তৈরি হচ্ছে। আগামী সপ্তাহে ফের নিম্নচাপ ঘনিয়ে উঠতে পারে। তেমন হলে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে পাহাড়ি জেলাগুলিতেও।
কলকাতায় আজ সকাল থেকে আকাশ বেশ পরিষ্কার। দিনের তাপমাত্রা ৩০.২ ডিগ্রির আশপাশে, গতকাল রাতের তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৫ শতাংশ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১০ই নভেম্বর থেকে দক্ষিণ আন্দামান সাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। জানা গিয়েছে, ১০ই নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এরপর উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
চলতি মাসেই আরও একটি ঘূর্ণিঝড় আসতে পারে বলে জানা যাচ্ছে। ১১ থেকে ১৫ই নভেম্বরের মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্তই পরবর্তীতে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।






