লেকটাউনে হওয়া সব্যসাচী দত্তের হেনস্তার প্রতিবাদ করছিলেন তাঁরা। হাজরা মোড়ে বিজেপির মহিলা মোর্চার এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিবাদে গ্রেপ্তার হলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী, তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।

তবে ঘটনা এখানেই থামেনি। পুলিশের বিরুদ্ধে জোরালো বিস্ফোরণ ঘটিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, তাঁদের ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়। পুলিশের গাড়িতে দূরত্ববিধিও মানা হয়নি বলে জানিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। বর্তমানে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

অভিযোগ, মঙ্গলবার হাজরা মোড়ে শান্তিপূর্ণভাবেই জড়ো হয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। তাঁদের নেতৃত্বে ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা। সেই সময় আচমকাই পুলিশ আসে। অভিযোগ, কোনও কথা বলার সুযোগ না দিয়েই বিক্ষোভ শুরুর আগেই পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। সেই সময় তাঁকেও গ্রেপ্তার করা হয়।

অগ্নিমিত্রার দাবি, জোর করে পুলিশের গাড়িতে তোলা হয় তাঁদের। মহিলাদের শারীরিকভাবে হেনস্তাও করা হয়, জামা ছিঁড়ে দেওয়া পর্যন্ত হয় পুলিশের তরফে। বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর আরও অভিযোগ, পুলিশের গাড়িতে কোনওভাবেই দূরত্ববিধি মানা হয়নি। মুখ্যমন্ত্রী কেন WHO’র গাইডলাইন মানছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি। লালবাজারেই আপাতত রয়েছেন তাঁরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার লেকটাউনের দক্ষিণদাঁড়িতে এক বিজেপি কর্মীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। অভিযোগ, তৃণমূলের এক প্রভাবশালী নেতার উসকানিতে বিজেপি কর্মীর বাড়ি থেকে বেরনোর সময় তাঁকে ঘিরে বিক্ষোভ করা হয়েছে। যদিও তৃণমূল সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। শাসকদলের দাবি, দক্ষিণদাঁড়িতে মাস্ক বিলি করতে গিয়েছিলেন সব্যসাচী দত্ত। সেই সময় তিনি উসকানিমূলক মন্তব্য করেন। তার ফলে একদল মানুষ রেগে যান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন।





