তৃণমূল নয় এবার বিজেপির বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ, বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় গেলেন গেরুয়া শিবিরের নেতারাই

রাজ্যের দিকে দিকে যেন মুড়িমুড়কির মতো ছড়িয়ে দুর্নীতি। নানান ক্ষেত্রে উঠেছে দুর্নীতির একাধিক অভিযোগ। আর নানান দুর্নীতিতেই নাম জড়িয়েছে শাসক দলের নানান নেতার। অনেক নেতাই বর্তমানে দুর্নীতির দায়ে জেলে।তবে এবার শাসক দলের নয়, বরং দুর্নীতির অভিযোগ উঠল বিরোধী দল বিজেপি নেতার বিরুদ্ধে। আর এই অভিযোগ নিয়ে থনায় গেলেন খোদ বিজেপি নেতারাই।

ঘটনাটি ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে। জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এলাকা উন্নয়ন প্রকল্প-সহ নানান ক্ষেত্রে ৬৫ লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছিল এলাকার বিজেপি পঞ্চায়েত সচিব নীলকমল দাসের বিরুদ্ধে।

বিজেপি পঞ্চায়েত প্রধান দীনবন্ধু মণ্ডল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এর পাল্টা আবার পঞ্চায়েত সচিবও এই টাকা নয়ছয় করার ঘটনা ও আরও নানান দুর্নীতির অভিযোগ তুলে থানায় বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছিলেন। ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বর মাসে।

গত ১৯ অক্টোবর পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে। কিন্তু একই অভিযোগে কেন পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হল না, তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। সেই কারণেই গতকাল, বৃহস্পতিবার নন্দীগ্রাম থানার দ্বারস্থ হন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিজেপির নেতা, পদাধিকারীরা। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা। আর বিজেপির এই অন্তর্দ্বন্দ্বকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল।

বলে রাখি, এই কিছুদিন আগেও নদিয়ার কল্যাণীতে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছিল। সেখানে এসসি মোর্চার রাজ্য কমিটি সদস্য শ্রীনিবাস মণ্ডলের উপর হামলা হয়। তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল, বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পালের নেতৃত্বেই শ্রীনিবাস মণ্ডলের উপর এই হামলা হয়েছে।

আরও পড়ুনঃ ‘জেলার পুলিশদের চরিত্র খারাপ, পরকীয়ার সঙ্গে জড়িত প্রত্যেকে’, পুলিশের চরিত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

একদিকে যেমন শ্রীনিবাস মণ্ডল কল্যাণী থানায় বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তেমনই আবার বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পালও অভিযোগ দায়ের করেন শ্রীনিবাস মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্বজিৎ পালকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই অন্তর্দ্বন্দ্বের রেশ কাটতে না কাটতেই ফের বিজেপির গোষ্ঠীকোন্দলের ঘটনা সামনে এল।

আরও অন্যান্য খবর