ত্রিপাক্ষিক বৈঠকে সামনে এল বিস্ফোরক তথ্য, ১৩ হাজার ভুয়ো নিয়োগের তালিকা প্রকাশ, পুজোর আগেই কী চাকরি যাবে সকলের?

কতজনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে, তা জানার জন্য স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীদের আইনজীবীরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করেন। আর সেই বৈঠকে উঠে এল এক বিস্ফোরক তথ্য। ১৩ হাজার ভুয়ো নিয়োগের একটি তালিকা প্রকাশ করা হয়েছে এই বৈঠকে।

কলকাতা হাইকোর্টের তরফে বেআইনি নিয়োগের উপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, বেআইনি নিয়োগ সংক্রান্ত এই বৈঠকে মিলেছে ১২ হাজার ৯৬৪ জনের একটি তালিকা যাদের ভুয়ো নিয়োগ করা হয়েছিল। এই তালিকার প্রতিলিপি তিন পক্ষের হাতেই তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গত বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাদের সকলের চাকরি যাবে আর সেই জায়গায় চাকরি দেওয়া হবে যোগ্য প্রার্থীদের। এই কারণে কতজনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, তার একটি তালিকা তৈরি করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ অনুযায়ীই উক্ত তিন পক্ষ বৈঠকে বসেন।

গতকাল, বৃহস্পতিবার এসএসসি কার্যালয়ে এই ত্রিপাক্ষিক বৈঠকটি হয়। সেখানে ২০১৬ সালে নবম ও দশম শ্রেণিতে ভুয়ো নিয়োগ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফে। জানা গিয়েছে যে সেই তালিকার সঙ্গে নিজেদের তালিকা মিলিয়ে আদালতে জমা দেবে এসএসসি। আগামী ২৮ সেপ্টেম্বর আদালতে সেই রিপোর্ট জমা দেওয়ার কথা। 

এই দিনই আদালতে সিবিআইও নিজেদের রিপোর্ট জমা দেবে। এদিন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “এসব বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট দেয় বোর্ড। তারা সম্পূর্ণ তালিকা দিয়েছে। আমাদেরও রেকমেন্ডেশনের লিস্ট সম্পূর্ণ থাকবে। দু’টি তালিকা মিলিয়ে দেখা হবে”।

তাঁর কথায়, “ওদের কাছে ১৭ জনের একটি তালিকা ছিল যা নিয়ে ওরা মামলা করেছে। এছাড়াও অতিরিক্ত কিছু হয়তো পেয়েছে। আমরাও আমাদের রেকর্ড থেকে আরও কিছু নাম পাব। এগুলিকে মিলিয়ে দেখে কোর্টের কাছে আমাদের পক্ষে যতটা করা সম্ভব করব। এরপর সিবিআইও ২৮ তারিখ নিজেদের রিপোর্ট জমা দেবে”।

আরও অন্যান্য খবর