শেষ কয়েকদিন ধরেই শান্তিনিকেতনের জমি বিতর্ক নিয়ে বেশ শোরগোল পড়েছে। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন নোবেলজয়ী বামপন্থী অমর্ত্য সেন। জানান যে, ৮০ বছর আগে বাড়ি তৈরি হলেও কোনও অনিয়ম হয়নি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাঁকে চিঠি দিয়ে কিছু জানানোও হয়নি। সংবাদমাধ্যমেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজন পড়লে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান।
সম্প্রতি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দাবী করেন যে, শান্তিনিকেতনে ‘প্রতীচী’-এর মধ্যে অমর্ত্য সেনের যে বাড়ি রয়েছে, সেখানে বিশ্বভারতীর কিছু জমি রয়েছে। কিন্তু একথা মানতে নারাজ অমর্ত্য সেন। জানা যায়, রজতকান্ত রায় উপাচার্য থাকার সময় এই বিষয়টি একাধিকবার অমর্ত্যবাবুকে মৌখিকভাবে জানিয়েছিলেন, কিন্তু তিনি তাতে কোনও আমল দেন নি।
এদিকে, গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের বিরুদ্ধে এই অভিযোগের নিন্দা করে বলেন যে, বিজেপির বিরুদ্ধে মুখ খোলার জন্যই এই অভিযোগ। এরপর গতকাল তিনি অমর্ত্য সেনকে চিঠি লিখে তাঁর পাশে থাকার আশ্বাসও দেন।
এরপর এই জমি বিতর্ক নিয়ে মুখ খোলেন অমর্ত্য সেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বাড়িটি ৮০ বছর আগে তৈরি। এতদিন কোনও অভিযোগ আসেনি। মুখ্যমন্ত্রী সহানুভূতির চিঠি দিয়েছেন। কিন্তু হঠাৎ বিশ্বভারতী মিথ্যে বলতে শুরু করল কেন। এটাতে রাজনৈতিক কারণ থাকতে পারে। কারণটা কী হতে পারে, এ নিয়ে মুখ্যমন্ত্রী দু’এক কথা বলেছেন”।
এমনিতেও বিজেপির মতাদর্শ নিয়ে অমর্ত্য সেন একাধিকবার মুখ খুলেছেন। একাধিক বিষয়ে সমালোচনা করেছেন তিনি। এখন রাজনীতির একাংশ দাবী তুলেছে যে, এই কারণেই তাঁর উপর এই অভিযোগ। এমনকি অমর্ত্য সেন নিজেও মনে করেন যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তাঁর কথায়, “উপাচার্যের অফিস থেকে যুদ্ধ চালানো হচ্ছে, তাঁর মধ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে। কারণ রাজনৈতিক দলের প্রতি বিদ্যুৎ ও তারা কৃতজ্ঞ। তাদের প্রতি অনেক সময় সমালোচনার কারণ দেখেছি। আমার জন্ম বাংলায়, শান্তিনিকেতনেই। বড় হয়েছি শান্তিনিকেতন ও ঢাকায়। আমাদের চিন্তাভাবনার মধ্যে রবীন্দ্রনাথ ও নজ্রুল, দু’জনেই এসে পড়েন। তাই সব বাদ দিয়ে শুধুমাত্র একদিকে সাম্প্রদায়িকতা আমার পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক যোগ থাকতে পারে বলে আমি আগেই অনুমান করেছিলাম, এবার মুখ্যমন্ত্রীর চিঠিতে এ বিষয়ে নিশ্চিত হলাম”





