উদ্বোধন মঞ্চে হাজির তৃণমূল মন্ত্রী, রাস্তায় গাড়ি আটকে প্রবল যানজট, মুমূর্ষু রোগীকে নিয়ে দীর্ঘক্ষণ আটকে থাকল অ্যাম্বুলেন্স

মঞ্চে চলছে উদ্বোধন। উপস্থিত রয়েছেন তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ। রয়েছেন পুলিশ সুপার, জেলাশাসক, উচ্চপদস্থ আধিকারিকরাও। এই অনুষ্ঠানের কারণে বন্ধ রাস্তা। ফলে সৃষ্টি হয় প্রবল যানজটের। এর জেরে মুমূর্ষু রোগীকে নিয়ে দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকল অ্যাম্বুলেন্স। এই ঘটনায় প্রবল ক্ষোভ উগড়ে দিলেন রোগীর পরিজন-সহ আমজনতা।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে। এই ধূপগুড়ির অন্যতম ব্যস্ত রাস্তা হল ফালাকাটাগামী জাতীয় সড়ক। সেই এলাকাতেই গতকাল, শুক্রবার সন্ধ্যায় ছিল ক্লাবের পুজোর উদ্বোধন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক, জলপাইগুড়ির ডিএসপি ক্রাইম সহ উচ্চপদস্থ কর্তারাও।

এই উদ্বোধন অনুষ্ঠানের জেরেই বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যস্ত রাস্তায়। সেই সময় ওই রাস্তায় মুমূর্ষু রোগীকে নিয়ে আটকে পড়ে এক অ্যাম্বুলেন্স। আর এসব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ-প্রশাসন। এর জেরে ক্ষোভের সঞ্চার হয় আমজনতার মধ্যে।

অ্যাম্বুলেন্সে থাকা রোগীর আত্মীয় জানান, রোগী হৃদরোগে আক্রান্ত। কিন্তু রাস্তা বন্ধ থাকায় তাদের আধ ঘণ্টার উপর যানজটে ফেঁসে থাকতে হয়। তিনি বলেন, “এইভাবে উৎসব পালন হয় নাকি? আমরা মুমূর্ষু রোগী নিয়ে যানজটে ফেঁসে রয়েছি, আর রাস্তা আটকে পুজোর উদ্বোধন চলছে। প্রশাসনের এই বিষয়গুলি দেখা উচিত”।

অ্যাম্বুল্যান্স চালক সঞ্জীত রায়ও জানান, রোগী নিয়ে আটকে থাকতে হয়েছে তাঁকে। তাঁর অভিযোগ, পুলিশ নিজেই রাস্তায় বেরিয়ে লাগিয়ে গাড়ি চলাচল বন্ধ করেছে।

দীর্ঘক্ষণ এমন রাস্তা বন্ধ থাকায় বিক্ষোভ দেখান আমজনতা। পুলিশ একজনকে থানায় নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই ধূপগুড়ি মসজিদ মোড়ে অবরোধ শুরু করেন যাত্রীরা। তারপর পুলিশ ওই ব্যক্তিকে ছাড়ে। এই বিষয়ে জলপাইগুড়ির জেলাশাসক শামা পার্ভিন বলেন, “বিষয়টি আমার জানা নেই। এইমাত্র এলাম। খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেব”। এই ঘটনায় মন্ত্রী উদয়ন গুহর কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।

কী জানাচ্ছে বিজেপি?

এমন নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজেপি। এই প্রসঙ্গে ধূপগুড়ি বিধানসভার কনভেনার চন্দন দত্ত বলেন, “যদি ক্লাবের কর্মকর্তা শাসকদলের নেতা হন, তাহলে এই সমস্ত ঘটনা স্বাভাবিক। সেই কারণেই তো জাতীয় সড়ক আটকে পূজার উদ্বোধন অনুষ্ঠান হল। আর তার খেসারত দিতে হল রোগী এবং সাধারণ মানুষকে”।

RELATED Articles