ঘূর্ণিঝড় ক্ষতিপূরণে দুর্নীতি: রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, খতিয়ে দেখছে পুলিশ

এবার আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের আকার নিল উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও হিঙ্গলগঞ্জ। গাইঘাটার ধর্মপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ইঁটবৃষ্টি হয়। তৃণমূল কর্মীরা অভিযোগ তোলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা পঞ্চায়েতের সামনে বিক্ষোভও দেখান।

অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের তালিকায় গরমিল করার জন্য বিডিও অভিযোগ দায়ের করলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার আশদতলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে এই ঘটনা।

ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভের জেরে কয়েকদিন আগেই হলদিয়ার মহকুমা শাসক ও বিডিও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সমিতি ও প্রধানদের নিয়ে বৈঠক করেন। সেখানে দুর্নীতি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে বারংবার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু তারপরেও ওই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পরিবর্তে জামালচকের বাসিন্দা এক দম্পতির নাম ঢুকিয়ে দেন তৃণমূল প্রধান শিবানী বাকুলি। এ নিয়ে প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিডিও। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল প্রধান। এই গরমিলের দায় বিডিও-র উপরে চাপিয়ে দিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি।

অন্যদিকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ নিয়ে পুলিশের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে আহত হন দু’জন বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, তাদের সমর্থক কয়েকটি পরিবার তৃণমূল পঞ্চায়েত সমিতির কাছে বারংবার অনুরোধ করেও পায়নি ক্ষতিপূরণের টাকা। সেই নিয়ে প্রতিবাদ জানাতে গেলে পুলিশের সামনে বিজেপি কে আক্রমণ করে তৃণমূল।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগে হুগলির ডানকুনি পুরসভা ঘেরাও করল বিজেপি। তৃণমূলের তরফ থেকে জানানো হল যে, কোনো ইস্যু নেই, তাই জোর করে ঝামেলা সৃষ্টি করতে চাইছে বিজেপি।

আবার, ঘূর্ণিঝড় ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ ও পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তার দাবিতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিক্ষোভ দেখাল বাম কর্মী-সমর্থকরা। এদিন ক্যানিং ১ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা। পরে স্মারকলিপি জমা দেন তাঁরা।

আরও অন্যান্য খবর