আনিস খান হত্যাকাণ্ডে তদন্তের জন্য সিটকে আরও একমাস সময় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। উচ্চ আদালতের এই নির্দেশে খুবই হতাশ আনিসের বাবা সালেম খান। এই নিয়ে নিজের হতাশার কথা জানান তিনি।
আজ, সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “তাহলে কি আনিসের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কেন প্রতিশ্রুতি মতো ১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশ করল না সিট”? তিনি এও জানান যে তিনি ফের বিচারের দাবীতে পথে নামবেন।
আজ সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে আনিস হত্যাকাণ্ডের মামলার শুনানি ছিল। এদিন শুনানিতে আদালত জানায় যে তদন্ত শেষ করার জন্য সিটকে আরও ১ মাস সময় দিচ্ছে আদালত। এই সময়ের মধ্যে নিরপেক্ষভাবে তদন্ত শেষ করতে হবে। তদন্তের সময়সীমা আর হয়ত বাড়ানো হবে না। আগামী ১৮ই এপ্রিল এই মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
আদালতের এই নির্দেশে কার্যত হতাশ আনিসের বাবা। এদিন সালেম খান বলেন, “আবার শুনানি আবার এক মাস পরে। তাহলে কি আনিস হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে? দিদি তো ১৪ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিলেন তার কী হল? মমতা বন্দ্যোপাধ্যায়ও কি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় রয়েছেন? এরকম চলতে থাকলে আমি আবার পথে নামব। যারা আনিসের বিচারের দাবিতে পথে নেমেছিলেন আশা করব তাঁরা আবার পথে নামবেন”।
বলে রাখি, আনিস হত্যাকাণ্ডে মামলার তদন্তভার সিটের হাতে যাওয়ার পরই এক সিভিক ভলান্টিয়ার ও এক হোমগার্ডকে গ্রেফতার করে সিট। তবে তারাই মূল অভিযুক্ত কী না, তা প্রমাণসাপেক্ষ।
তবে ধৃতরা সেই সময় জানায় যে তাদের ফাঁসানো হচ্ছে। তাদের ‘বলির পাঠা’ করে আনিস হত্যাকাণ্ডের মালার আগুনে জল ঢালা হচ্ছে। তারা এমনও দাবী করে যে ঘটনার দিন রাতে ওসির নির্দেশেই তারা আনিসের বাড়ি গিয়েছিল। কিন্তু এরপর সিট আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করলেও, তাঁর গোপন জবানবন্দি নেয়নি। যা নিয়ে হাইকোর্ট তোপ শানায় সিটকে। তদন্ত শুরুর ১৪ দিন পরও এখনও অধরা আনিস খান হত্যাকাণ্ডের মূল অভিযুক্তরা।





