খুনই হননি ছাত্রনেতা আনিস খান, রিপোর্ট পেশ করল রাজ্য পুলিশ, রাজ্যের এই রিপোর্টকে ‘ভুল’ বলে দাবী আনিসের পরিবারের

আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত রিপোর্টকে ভুল বলে দাবী করল আনিসের পরিবার। আজ, সোমবার কলকাতা হাইকোর্টে আনিসের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, “রাজ্য এটাকে খুন বলছে না। আমরা তা মেনে নিতে পারছি না। এই রিপোর্টে ভুল আছে”।

গত ১৮ই ফেব্রুয়ারি আনিসের বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় তাঁর দেহ। আনিসের পরিবার জানায় যে সেই রাতে কয়েকজন পুলিশকর্মী এসেছিলেন তাদের বাড়িতে। আনিসের খোঁজে তারা বাড়ির তিনতলায় যান। পরিবারের অভিযোগ ছিল যে ছাদ থেকে আনিসকে ধাক্কা মেরে নীচে দেওয়া হয়।

আনিসের পরিবার এই ঘটনায় বারবার পুলিশের দিকেই আঙুল তুলেছে। এমনকি, বারবার সিবিআই তদন্তের দাবীও জানিয়েছে তারা। কিন্তু কলকাতা হাইকোর্ট এই ঘটনার তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশকেই দেয়।

রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল আনিস খানের মৃত্যুর তদন্ত শুরু করে এরপর। সম্প্রতি সেই তদন্তের রিপোর্ট আদালতে পেশ করে তারা। গত ১৯শে এপ্রিল সেই রিপোর্ট আদালতে পেশ করে রাজ্য। আর এই রিপোর্ট নিয়েই অসন্তুষ্ট আনিসের পরিবার। রাজ্য পুলিশের এই রিপোর্টকে তারা ‘ভুল’ বলে দাবী করেছে।

আনিসের পরিবারের এমন অভিযোগের উত্তরে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন যাতে আনিসের পরিবারে তাদের আপত্তির কথা হলফনামা হিসেবে আদালতে পেশ করে। বিচারপতি জানিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে এই হলফনামা পেশ করতে হবে। রাজ্যের রিপোর্টে কোথায় কোথায় তাদের আপত্তি রয়েছে, তা হলফনামায় উল্লেখ করার কথা বলা হয়েছে। আগামী ১২ই মে ফের এই মামলার শুনানি রয়েছে।

আরও অন্যান্য খবর