গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে। তাঁকেও তিহাড় জেলেই রাখা হয়েছে। এদিকে ওই জেলেই রয়েছেন অনুব্রত নিজেও। মেয়ের গ্রেফতারির কথা জেলে বসেই শুনেছিলেন তিনি। এবার ইডি আধিকারিককে হাতের সামনে পেয়ে মেয়ের গ্রেফতারি নিয়ে চোটপাট করলেন কেষ্ট।
সুকন্যার গ্রেফতারির পর যখন অনুব্রতকে আদালতে আন হয়েছিল, সেই সময় মেয়ের গ্রেফতারি নিয়ে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি বলেছিলেন, “মেয়েকে গ্রেফতার করা অন্যায় হয়েছে”।আর এবার সোজা ইডি আধিকারিককেই কেষ্ট বললেন, “মেয়েকে গ্রেফতার করলেন, বিবেকে নেই আপনার”।
গতকাল, বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে অনুব্রতর আসানসোল ফেরার মামলার শুনানি ছিল। এদিন হুইল চেয়ারে করে আদালত কক্ষে যান তিনি। শুনানি শুরুর আগে আদালত কক্ষের এককোণে বসেছিলেন অনুব্রত। গতকাল ইডির অন্যান্য আধিকারিকদের সঙ্গে আদালতে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকও। এদিন কেষ্টকে আদালত কক্ষের এককোণে বসে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করেন, “শরীর কেমন আছে”?
এই প্রশ্নেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন অনুব্রত। ওই অফিসারের হাত ধরে অনুব্রত বলেন, “মেয়েকে গ্রেফতার করলেন। বিবেকে লাগল না। বিবেক বন্দক আছে নাকি”? তবে অনুব্রতর বাংলা প্রশ্ন প্রথমে বুঝতে পারেন না তদন্তকারী অফিসার। এরপর আদালত চত্বরে থাকা অন্যান্যরা তাঁকে বুঝিয়ে দেন অনুব্রত কী বলতে চাইছেন। তা শুনে তদন্তকারী অফিসার মুচকি হেসে অনুব্রতর পিঠে হাত দেন শুধু।
উল্লেখ্য, সুকন্যা ও অনুব্রত একই জেলে থাকলেও দেখা হওয়ার উপায় নেই তাদের। গতকাল, অনুব্রতকে আদালতে তোলা হলে তিনি নিজের শারীরিক অবস্থার কথা জানান। আসানসোলে ফিরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করলে তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়। আগামী ৮ই মে পর্যন্ত তিহাড় জেলেই থাকছেন কেষ্ট।






