নির্দ্বিধায় গরু পাচার করার উপহার, সায়গলকে প্রতিমাসে ৫ কোটি টাকা প্রোটেকশন মানি দিতেন অনুব্রত, চাঞ্চল্যকত তথ্য ইডি-র হাতে

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিনিয়োগ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে ইডি (Enforcement Directorate)। আর এতেই তাদের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, প্রত্যেক মাসে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) কম করে হলেও ৫ কোটি টাকা প্রোটেকশন মানি (protection moneya) দিতে হত। অনুব্রতর কথাতেই সেই টাকা নিতেন সায়গল, এমনটাই জানতে পেরেছে ইডি।

সূত্রের খবর, একটি হাট এক সপ্তাহে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার গরু পাচার হত। পাচারের পরিমাণ বেশি হলে প্রোটেকশন মানির পরিমাণও বাড়ত। এও জানা গিয়েছে, অনুব্রতর সাহায্যে গরু পাচারের টাকা বালি পাচার ও কয়লা খাদান ব্যবসাতে ব্যবহার করতেন এনামুল হক। সেই ব্যবসা থেকেও ২ কোটি টাকা দিতে হত সায়গলকে।

ইডি সূত্রে খবর, বীরভূম হয়ে বিনা বাধায় যাতে গরু পাচার হয়ে বাংলাদেশ চলে যায়, যাতে সীমান্তে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি দেখভাল করতেন সায়গল ও তাঁর বাহিনী। আর সেই কারণেই উপহারস্বরূপ তাঁকে দেওয়া হত প্রোটেকশন মানি। ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে মালদা, মুর্শিদাবাদ হয়ে পাচার হত গরু। সেখানে অনুব্রত বাহিনী আগের থেকেই মোতায়েন করা থাকত। সায়গলকে পাঁচ কোটি টাকা প্রোটেকশন মানি দিতেন অনুব্রত।

অনুব্রতর কারণেই গত কয়েক বছরে বিশাল ফুলেফেঁপে উঠেছিলেন এনামুল হক। বালি পাচার, পাথর খাদানের ব্যবসাতেও হাত পাকিয়েছিলেন তিনি। সেখানেও মাসে কম করে ২ কোটি টাকা ‘প্রোটেকশন মানি’ দিতে হত। গরু পাচারের টাকা অন্য ব্যবসাতেও বিনিয়োগ হত। এনামুলের ভাগ্নেদের ব্যবসা, বিদেশে জাহাজ-সবই গরু পাচারের টাকাতেই হত বলে দাবী তদন্তকারীদের।

সূত্রের খবর, অনুব্রতকে জেরা করার হাতিয়ার হল কয়েকটি স্বীকারোক্তি। এনামুল হক থেকে শুরু করে সায়গল হোসেন, মণীশ কোঠারি ও আরও কয়েকজনকে জেরা করে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই জেরা করা হবে অনুব্রতকে। অনুব্রত এনামুলকে কীভাবে চেনেন, তা জানতে চাওয়া হবে।

যদিও এর আগেও সিবিআই অনুব্রতকে এই প্রশ্ন করেছিল। তাতে তিনি সেবার বলেছিলেন যে অনেক লোকই তাঁর সঙ্গে দেখা করতে আসেন, অনেকেই তাঁকে চেনেন। কিন্তু তিনি যে সকলকে চিনবেন, তার কোনও মানে নেই। দ্বিতীয় প্রশ্নটি করা হবে সায়গল হোসেনের কল রেকর্ড নিয়ে। দেখা গিয়েছে, ২০১৭-১৮ সালে সায়গল হোসেনের সঙ্গে এনামুল হকের ৭৫ বার কথা হয়েছে। এই সমস্ত বিষয় তুলে ধরেই অনুব্রতকে জেরা করা হবে বলে খবর।

RELATED Articles