কেন্দ্রীয় নিরাপত্তা হারালেন অনুপম হাজরা, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের ‘ফল’? কী জানাচ্ছেন বিজেপি নেতা?

বিগত বেশ কিছুদিন ধরেই বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। নানান ইস্যু নিয়ে বারবার বিঁধেছেন রাজ্য নেতৃত্বকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিরাপত্তারক্ষীদের নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। এবার তাঁর ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিল অমিত শাহ্‌’র স্বরাষ্ট্রমন্ত্রক। তাহলে কী রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের শাস্তি পেলেন অনুপম?    

অনেকেই এখন মনে করছেন, কেন্দ্রীয় নিরাপত্তা হারানোর পর কী তাহলে বিজেপির সর্বভারতীয় সম্পাদকের পদটাও খোয়াবেন অনুপম? সে বিষয়ে যদিও কিছু স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের দাবী, এমনটা করে কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত বার্তা দিল যে সংগঠনের রাশ কিন্তু দিল্লির হাতেই।

কী জানাচ্ছেন অনুপম?

যদিও নিজের এই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের প্রেক্ষিতে অন্য কারণই দেখালেন অনুপম। এই প্রসঙ্গেই মিডিয়া সম্পর্কে বিরক্তি প্রকাশ করে অনুপম সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মিডিয়াকে অনুরোধ, একই জিনিসের জন্য বারবার ফোন করবেন না। যদি কোনও খবর করার থাকে বা মনগড়া মুখরোচক কোনও খবর বানানোর থাকে তাহলে এই পোস্ট দেখে করে নিতে পারেন”।

এরপরই একটি ছবি পোস্ট করেন অনুপম। সেখানে তিনি লেখেন, “সিকিউরিটি তুলে নেওয়া হল নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম সেটা ভালভাবে জেনে খবরটা করা দরকার। আর কিসের জন্য অনুরোধ করছি সময় বলবে। অনেক খেলা বাকি। একেক ব্যাটসম্যানের খেলার ধরন এক একরকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই”। 

https://twitter.com/tweetanupam/status/1735218005318262884

গত মাসে সুকান্তকে উদ্দেশ‌্য করে বিস্ফোরক মন্তব‌্য করে অনুপম বলেছিলেন, “রাজ‌্য সভাপতি(সুকান্ত)-কে আমার পরামর্শ, আপনি নিজের লোকসভা কেন্দ্রে একটু মন দিন। পরের বছর জিততে পারবেন কি না সেটা দেখুন। কারণ, আপনি নিজের ওয়ার্ডে কুড়িটা লোক নিয়ে যান। তার মধ্যে ১৬ জন নিরাপত্তারক্ষী”।

এর পালটা সেই সময় সুকান্ত বলেছিলেন, “কেন্দ্র সব জানে। আগামী কিছুদিনের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন”। তাহলে সেই ‘ফল’ হিসেবেই কেন্দ্রীয় নিরাপত্তাহারা হলেন অনুপম? যদিও বিজেপির সর্বভারতীয় সম্পাদকের দাবী, তাঁর অনুরোধেই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তবে এতে যেন সন্তুষ্ট নয় কেউই।  

RELATED Articles